নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করুনারত্নের ফিফটিতে ৩য় দিনশেষে পালেকেল্লেতে টাইগারদের বিপক্ষে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে দিনশেষ করেছে শ্রীলঙ্কা। ৩১২ রানে পিছিয়ে আছে লংকানরা।
প্রথম দিনে সাইফের শূন্য আর তামিমের ৯০ রানের ইনিংসের পর মেইডেন সেঞ্চুরি করেন নাজমুল শান্ত সেই সাথে ফিফটি তুলে নেন অধিনায়ক মুমিনুল হক। দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি পান তিনি। অপরাদিকে, মেইডেন দেড়শো রান করেন নাজমুল শান্ত। ব্যক্তিগত ১৬৩ রান করে নাজমুল শান্ত বিদায় নেবার কিছুক্ষণ পরই ব্যক্তিগত ১২৭ রান করে আউট হন মুমিনুল হক।
রানের চাকা তবু সচল থাকে মুশফিক-লিটনের ব্যাটে৷ আলোক স্বল্পতায় দ্বিতীয় দিনের শেষ ভাগে আর খেলা হয়নি। ৩য় দিনে নেমে ফিফটি তুলে নেন দুই ব্যাটসম্যান লিটন দাশ ও মুশফিকুর রহিম। ৫০ রান করে লিটন ফিরলেও মুশফিক অপরাজিত থাকেন ৬৮ রানে। মাঝে মিরাজ-তাইজুলরা ছিলেন আসা যাওয়ার মিছিলে।
লাঞ্চ বিরতির কিছু সময় আগে ৭ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে ৯৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন বিশ্ব ফার্নান্দো।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই শতরান তোলে দুই লংকান ওপেনার। দলীয় ১১৪ রানে ৫৮ রান করে ফেরেন থিরিমান্নে। এরপর ব্যক্তিগত ২০ রান করেই তাসকিনের বলে আউট হন ওশাদে ফার্নান্দো। ৩য় উইকেটে ৪৩ রানের জুটি গড়ার পথে ব্যক্তিগত ২৫ রানে তাইজুলের বলে বোল্ড হয়ে ম্যথিউস ফেরত গেলে ৩য় উইকেটের পতন হয়। কারুনারত্নের অপরাজিত ৮৫ আর ডি সিলভার ২৬ রানে ৩ উইকেটে ২২৯ রানে দিনশেষ করেছে শ্রীলঙ্কা।
