নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গেল আসরে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবুও চলতি আসরে চড়া মূল্যে তাকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গেল মৌসুমে ব্যর্থ হলেও এবারের আসরে ব্যাট হাতে প্রতি ম্যাচে আলো ছড়িয়ে চলেছেন তিনি।
চলতি আসরে তিন ম্যাচের দুইটিতেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই অজি অলরাউন্ডার। তার ব্যাটে রান বইতে থাকার কারণে বেঙ্গালুরু বদলে গিয়েছে বলে মন্তব্য করেছেন ইরফান পাঠান। কলকাতা বিপক্ষে ৪৯ বলে ৭৮ রানের ইনিংস খেলার ম্যাক্সওয়েলকে নিয়ে এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
কলকাতাকে হারানোর দিনে ম্যাক্সওয়েলকে নিয়ে ইরফান বলেন,”সে দারুণ ফর্মে রয়েছে। সে বেঙ্গালুরুর পুরো সেট আপ বদলে দিয়েছে। তারা ওপরের দিকে যেভাবে ব্যাটিং অর্ডারটা মানিয়ে নিয়েছে তাতে করে তাদেরকে পুরো কৃতিত্ব দিতে হবে। খুব বেশি মানুষ এটা ভাবতেই পারেনি যে সে ওপরের দিকে ব্যাট করতে পারে।’’
ভারতের সাবেক এই পেসার আরও বলেন,”এরপর আবার এবি ডি ভিলিয়ার্স, এটা তাদের দারুণভাবে কাজে দিয়েছে। সে যখন এসেছিল বেঙ্গালুরু তখন ব্যাক টু ব্যাক দুই উইকেট হারিয়েছিল। একেবারে অল্প সময়ের মাঝে তারা দুটি উইকেট হারিয়েছিল। সে মাঠে আসলো আর একেবারে স্বাধীনভাবে খেললো। এটা সত্যিই দুর্দান্ত। বড় শট খেলার জন্য তাঁর বিশেষ ক্ষমতা রয়েছে।”
