চেন্নাইয়ের বিপক্ষে একাদশে পরিবর্তনের ইঙ্গিত ম্যাককালামের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলার সুযোগ পেলেও খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। বল হাতে ২ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩৮ রান। গতকালের ম্যাচেও ছিলেন ব্যর্থ, ফলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাদশ থেকে জায়গা হারাতে পারেন এই টাইগার অলরাউন্ডার।

যদি বসতে হয় সাকিবকে তাহলে তার বদলি হিসেবে দলে জায়গা পেতে পারেন আরেক অলরাউন্ডার সুনীল নারিন। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। সেই সঙ্গে ‍মুম্বাইয়ে গিয়ে দলে একটি বা দুটি পরিবর্তন যে আসছে সেটাও নিশ্চিত করেছেন কলকাতার এই প্রধান কোচ।

ম্যাককালাম জানিয়েছেন, ম্যাচ ফিটনেস না থাকায় প্রথম ম্যাচগুলোতে খেলা হয়নি নারিনের। বেঙ্গালুরুর বিপক্ষে একাদশে বিবেচনায় থাকলেও ব্যাটিংয়ের কারণে সাকিবকে বেছে নিয়েছিল।

এ প্রসঙ্গে ম্যাককালাম বলেন,’‘প্রথম ম্যাচের আগে সে আমাদের বিবেচনায় ছিল তবে তাঁর একটি চোট ছিল এর ফলে সে শতভাগ ফিট ছিল না। সে আমাদের বিবেচনায় রয়েছে। বেঙ্গালুরু বিপক্ষেও সে ফেরার খুব কাছে ছিল কিন্তু আমরা সাকিবকে বেছে নিয়েছি কারণ সে আমাদের জন্য ভালো করছে। সে ব্যাটিংয়ে আমাদের কাজে দিচ্ছে।’’

চেন্নাইয়ের বিপক্ষে নাও খেলতে দেখা যেতে পারে বাংলাদেশের অলরাউন্ডার সাকিবকে। কেবল একটি ম্যাচে জয় পেলেও এখনও টুর্নামেন্টে নিজেদের ভালো সুযোগ দেখছেন ম্যাককালাম।

তিনি বলেন,”তিন ম্যাচ পর একটা জিনিস বুঝেছি যে, ছেলেরা ভালো করছে কিন্তু ফলাফল পাচ্ছে না। মুম্বাইয়ের অন্যরকম উইকেটের জন্য আমাদের নতুন কাউকে দরকার। আমরা সম্ভবত পরবর্তী খেলায় একটি বা দুটি পরিবর্তন করার প্রত্যাশা করছি। সামগ্রিকভাবে আমি মনে করছি যে আমরা যদি ঠিকঠাক মতো সব করতে পারি তাহলে টুর্নামেন্টে আমাদের ভালো সুযোগ রয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »