তামিম-শান্তদের ব্যাটিংয়ে সন্তুষ্ট নান্নু

নিউজ ডেস্ক »

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে নিজেদের মাঝে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। দুইদিনের এই প্রস্তুতি ম্যাচে প্রথম দিন ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা।

 

লাল দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে এদিন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। বোলাররা তেমন সাফল্য না পেলেও ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

 

ব্যাটসম্যানদের প্রশংসা করে নান্নু বলেন,”উইকেটের যে কন্ডিশন ছিল প্রথম ঘণ্টায় ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের ওপেনার তামিম, সাইফ এরা দারুণ ব্যাটিং করেছে, শান্ত, মুশফিকও দারুণ ব্যাটিং করেছে। বোলাররাও সবটা দিয়ে চেষ্টা করেছে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস এই অনুশীলন ম্যাচ থেকে আমরা যথেষ্ট ভালো কিছু ফিডব্যাক পেয়েছি। এটা আগামী দিন খেলা শেষ হওয়ার পর টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো।’’

 

ব্যাটসম্যানরা আলো ছড়ালেও পানেননি বোলাররা তবে দ্বিতীয় দিন বোলাররা উইকেটের সঙ্গে মানিয়ে নেবে বলে বিশ্বাস করেন নান্নু। এ ছাড়া তিনি মনে করেন, সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচটি ভালো করতে সহায়তা করবে।

 

তিনি বলেন,’‘এখানে অনুশীলন ম্যাচে বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। যে উইকেট ও কন্ডিশন…বাউন্স যথেষ্ট ভালো, যেহেতু এটা অনেকটা ফ্ল্যাট ট্র্যাকের মত। হয়তো টেস্টেও এরকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনোযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আগামী দিন আরও একটা দিন বাকি আছে ম্যাচ অনুশীলনে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস যে আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হতে পারবে, টেস্ট ক্রিকেটের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট কাজে লাগবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »