নিউজ ডেস্ক »
কয়েকদিন আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধূলিৎসাত হয়ে গিয়েছে দ্বীপটি। সেখানে এখন খাবার পানিই খুঁজে পাওয়া যাচ্ছে না। হাজার হাজার মানুষ নিজের বসবাসের জায়গি হারিয়েছে। দ্বীপটির এমন পরিস্থিতির মাঝে বাংলাদেশের কাছে সাহায্য চেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার কেসরিক উইলিয়ামস।
চলতি মাসের ৯ এপ্রিল লা সোফখিয়েহ আগ্নেয়গিরিতে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছিল। পরে আরও বেশ কয়েকবার হয়েছে। বর্তমানে তাই দ্বীপটি একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাবার পানির অভাব, ফসল নষ্টের সাথেসাথে বাতাসে ভেসে বেড়াচ্ছে সালফারের গন্ধ। বিজ্ঞানীরা জানিয়েছেন আরও কয়েক সপ্তাহ পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে।
বিপিএলে সর্বশেষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে খেলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির সাথে এখনো যোগাযোগ আছে উইলিয়ামসের। তারই সূত্র ধরে বাংলাদেশের সাহায্য প্রার্থনা করেছেন তিনি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এক বার্তায় জানিয়েছেন,”সেইন্ট ভিনসেন্টে কোনো পরিষ্কার পানি নেই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে যেটা হচ্ছে তা খুবই দুঃখজনক। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সম্পূর্ণ সেন্ট ভিনসেন্ট পরিষ্কার পানি শূন্য হয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ বাড়িঘর হারিয়েছে। আমরা তাদের জন্য প্রার্থনা করি এবং নিকটবর্তী দেশগুলোর প্রতি আহ্বান জানাই তাদেরকে সাহায্য করার জন্য। আমাদের কেসরিক উইলিয়ামসও সেন্ট ভিনসেন্টের এবং সে মানুষকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছে।’’
ভিডিও বার্তায় উইলিয়ামসও বলেছেন,’‘ওহে, আমি আপনাদেরই কেসরিক উইলিয়ামস। আশা করি এতক্ষণে বিশ্ব জেনে গিয়েছে যে আমাদের দ্বীপে এক অগ্ন্যুৎপাত ঘটেছে যা সবকিছু তছনছ করে দিয়েছে। বর্তমানে দেশে পরিষ্কার পানির অভাব। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা (সাহায্যের) করছি, তবে আমি একা খুবই অল্প করতে পারব। আমি বাংলাদেশিদেরকে অনুরোধ করছি, আপনি যদি আমাদের সাহায্য করতে চান তাহলে দয়া করে সাঈদের সাথে যোগাযোগ করুন। তিনি নিজেও আমাকে সাহায্য করছেন।’’
