নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেলো ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান হতাশাজনক পারফরমেন্স করে যে কারণে দলের নেতৃত্ব হারান সরফরাজ আহমেদ। এরপর একাদশ থেকেও নিজের জায়গা হারান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিশ্বকাপের পর এখনো পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলার সুযোগ হয়েছে তাঁর। যে কারণে পাকিস্তান দলে সরফরাজের সমাপ্তিও টেনে দিয়েছেন কেউ কেউ।
তবে লম্বা সময় পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে আবারো মাঠে নামেন সাবেক এই অধিনায়ক। ম্যাচশেষে অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, ওয়ানডে দলে সরফরাজকে যত বেশি সম্ভব কাজে লাগানোর চেষ্টা করবে পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াডে সরফরাজের অন্তর্ভুক্তিতে ছিল সমালোচনার ঝড়। তবে দলটির বর্তমান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, দলের সিনিয়র ক্রিকেটারদের উপর এখনো আস্থা রয়েছে তাঁর। এছাড়া সরফরাজের অভিজ্ঞতা যত বেশি সম্ভব কাজে লাগানোর চেষ্টা করবে পাকিস্তান।
বাবর বলেন,”আমরা তাঁকে বিশ্বাস করি বলেই সে দলের সঙ্গে আছে। ওয়ানডেতে তাঁকে উইকেটরক্ষক এবং ৫ নম্বর ব্যাটসম্যান হিসেবে যত বেশি সম্ভব ব্যবহারের চেষ্টা করবো। আমরা আমাদের বেঞ্চ খেলোয়াড়দের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি। যেহেতু দলের মিডল অর্ডার ব্যর্থ হচ্ছিল, আমরা ভাবলাম তাঁকে (সরফরাজ) সেখানে বাজিয়ে দেখি।’’
এই সিরিজে পাকিস্তানের টপ অর্ডার আর বোলারদের সুবাদেই ৮ বছর পর এখানে সিরিজ জয় করেছে বাবররা। তবে শেষ ম্যাচে মিডল অর্ডারের ভাগ্য ঘোরাতে সরফরাজকে অন্তর্ভুক্ত করা হয় একাদশে।
তিনি বলেন,’‘কখনো কখনো দলকে তুলতে আপনাকে আওয়াজ করতে হবে, কখনো বা দলের উইকেটরক্ষক এটা করবে। যেহেতু আমাদের মিডল অর্ডার শেষ দুই ম্যাচে রান পেতে সংগ্রাম করছিল, তাই এটা দারুণ যে সবার অংশগ্রহণে আমরা সিরিজটি জিতেছি।”
