নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। আর এরপরই এই চোটে চলমান প্রোটিয়া সিরিজ এবং আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। যে কারণে তাঁর বদলি হিসবে রিস্ট স্পিনার হিসাবে জাহিদ মাহমুদকে দলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর আগে জাহিদকে মূলত দলে ডাকা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য। বর্তমানে শাদাবের ইনজুরিতে টি-টোয়েন্টি দলেও ডাক পেলেন এই স্পিনার। মূলত পাকিস্তান দলের টিম ম্যানেজমেন্টের চাওয়ায় দলে এনেছেন তাকে নির্বাচকরা।
পায়ের চোটের আগে কুঁচকির চোট এবং হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতেও বেশ লম্বা সময় ধরে ভুগেছেন শাদাব। গেল বছর জিম্বাবুয়ে সফরের আগেও চোটে পড়েছিলেন তিনি। সেবার কুঁচকির চোটে ছিটকে যেতে হয়েছিল তাঁকে।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ২১, ২৩ ও ২৫ এপ্রিল। আর দুটি টেস্ট হবে যথাক্রমে ২৯ এপ্রিল ও ৭ মে।
