আইপিএল না খেলেও পূর্ণ টাকা পাবেন আইয়ার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কিছুদিন আগে শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কাঁধের ইনজুরিতে পড়েন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। আর এই ইনজুরির কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসর থেকেই সরে যেতে হয়েছে তাঁকে। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে নেতৃত্ব দেয়া আইয়ার এবারের আইপিএল না খেলেই পাচ্ছেন সম্পূর্ণ ৭ কোটি রুপি!

ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় বেয়ারস্টোর একটি শট ঠেকাতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন তিনি। স্ক্যান করার পর জানা যায় বাম হাতের কাঁধে চিড় ধরা পড়েছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছিল, সেই কাঁধে অস্ত্রোপচার করাতে হবে। চলতি মাসেই তাই ছুরি কাঁচির নিচে যেতে হচ্ছে ২৬ বছর বয়সি এই ক্রিকেটারকে। আর এই ইনজুরির কারণে অন্তত ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে আইয়ারকে।

তবে আইপিএল না খেললেও পূর্ণ পারিশ্রমিক পাবেন আইয়ার। এবারের আইপিএলকে সামনে রেখে ৭ কোটি রুপিতে এই ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছিল দিল্লি।
মূলত বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী পুরো টাকাই পাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২০১১ সালে পাশ হওয়া বিসিসিআইয়ের ইন্সুরেন্স পলিসির নিয়মানুযায়ী, কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত কোন ক্রিকেটার যদি ইনজুরি বা দূর্ঘটনার কারণে আইপিএল খেলতে না পারেন তাহলে ক্ষতিপূরণ হিসেবে চুক্তি অনুযায়ী পাওয়া সম্পূর্ণ পারিশ্রমিক সেই খেলোয়াড়কে বুঝিয়ে দিতে হবে। দেশের হয়ে দায়িত্ব পালনরত অবস্থায় কেউ চোট পেলেও একই ধরনের নিয়ম প্রযোজ্য হবে। যে কারণে এমন নিয়ম বেশ ভালোভাবেই প্রযোজ্য হচ্ছে আইয়ারের ক্ষেত্রে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »