ধোনির অধীনে খেলার স্বপ্ন থাকে সব ক্রিকেটারের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অধিনায়ক হিসেবে সবকিছুই জয় করা কিংবা নিজের দখলে নিতে সক্ষম হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যে কারণে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ধরা হয় ধোনিকে। বিশ্বের নামিদামি সব ক্রিকেটাররা তাঁর অধীনে খেলার জন্য মুখিয়ে থাকেন। এবার ধোনির অধীনেই চেন্নাই সুপার কিংসে খেলবেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে ৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই। মঈন মনে করেন সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে ধোনির অধীনে খেলার।

সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে এই ইংলিশ অলরাউন্ডার বলেছেন,”আমি অনেক প্লেয়ারের সঙ্গে কথা বলেছি যারা ধোনির অধীনে খেলেছে এবং তারা আমাকে বলেছে যে কিভাবে সে তাদের খেলাটির উন্নতি করেছে। আমি বিশ্বাস করি সেরা অধিনায়করা এটাই করেন। আমার মনে হয় প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে ধোনির অধীনে খেলার। এটা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং স্বচ্ছতা প্রদান করে। এটা দারুণ ব্যাপার।”

১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল শুরু করবে মহেন্দ্র সিং ধোনির দল। মঈন জানিয়েছেন, তাঁর বিশ্বাস এবার শিরোপা জিতবে চেন্নাই।

তিনি বলেন,”সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী নেতৃত্ব পাওয়া এবং কোচেরা যারা শান্ত থাকে, যারা ক্রিকেটারদের চাপ ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণ করে যতটা সম্ভব। আমরা সত্যিই ভাগ্যবান আমাদের এই সবগুলোই আছে। আমি মনে করি চেন্নাই সুপার কিংস শিরোপা জিততে পারে। দলের ক্রিকেটারদের সঙ্গে খেলতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »