নিউজ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস শেষ ম্যাচে মাত্র ৭ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। এমন সিরিজ জয়ের পরেও খুশি নন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সিরিজ জিতলেও ম্যাচ সেরা এবং সিরিজ সেরার পুরষ্কার জিতেছেন ইংল্যান্ডের
ক্রিকেটাররা।
এই ম্যাচে ক্যারিয়ার সেরা ৯৫ রানের রেকর্ডগড়া ইনিংস খেলেন স্যাম কারান। এমন ইনিংস খেলার পরেও দলকে ম্যাচ জেতাতে পারেননি তিনি, অথচ জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া ২১৯ রান করা জনি বেয়ারস্টো হয়েছেন সিরিজ সেরা। এ দুটি পুরস্কারই ইংল্যান্ডের ক্রিকেটাররা জেতায় রীতিমতো অবাক কোহলি। তিনি মনে করেন, ম্যাচসেরার পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর এবং দলকে সিরিজ জেতানোর কারণে বেয়ারস্টোর পুরস্কারটি পাওয়া উচিত ছিল ভুবনেশ্বর কুমারের।
ম্যাচ শেষে কোহলি বলেন,”সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছি যে শার্দুল ম্যান অব দ্য ম্যাচ এবং ভুবি (ভুবনেশ্বর কুমার) ম্যান অফ দ্যা সিরিজ পায়নি। চার উইকেটের সঙ্গে ৩০ রান করেছে শার্দুল। এছাড়া ভুবনেশ্বরও ম্যান অব দ্য সিরিজের অন্যতম দাবিদার ছিল। মাঝের ওভার ও পাওয়ার প্লেতে এরা পার্থক্য গড়ে দিয়েছে।”
সিরিজের শেষ ম্যাচে জনি বেয়ারস্টো, জেসন রয় এবং মঈন আলির গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। এছাড়া তিন ম্যাচে মাত্র ৪.৬৫ ইকোনমি রেটে ৬ উইকেট শিকার করে ভারতের সিরিজ জয়ে অন্যতম মূখ্য অবদান রেখেছেন তিনি।
