অভিষেক ম্যাচ জিততে না পারার আক্ষেপ মেহেদীর-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডানেডিনে অভিষেক হয়েছে তরুণ অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের। নিজের অভিষেক ম্যাচ জিততে না পারায় মনের ভিতর কিছুটা আক্ষেপ রয়েছে তরুণ এই ক্রিকেটারের।

এর আগে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মেহেদী। প্রথমে দলে নেওয়া হয়েছিল বোলার হিসেবে তবে ধীরে ধীরে বোলিংয়ের সাথে ব্যাটিংয়েও উন্নতি করেছেন তিনি। ফলে টি-টোয়েন্টির পর ডানেডিনে ওয়ানডেতে অভিষেক হয়েছে তার। যদিও অভিষেক ম্যাচ হিসেবে খুব যে একটা খারাপ করেছেন তেমনও না।

ব্যাট হাতে ২০ বলে করেছেন ১৪ রান। বল হাতে ৬ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১৭ রান! যদিও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। অভিষেক ম্যাচে জিততে না পারায় কিছুটা হতাশ মেহেদী।

তিনি বলেন,“অভিষেক আসলে একটা ক্রিকেটারের কাছে প্রথম ম্যাচ সবসময় স্মরণীয় হয়ে থাকে। এতো কষ্ট করে এতো বছর ক্রিকেট খেলতেছি, আন্তর্জাতিক অভিষেকটা ওয়ানডে দিয়ে (টি-টোয়েন্টি, ২০১৮)। অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে তবে জিততে পারলে ভালো লাগত।”

মেহেদীর স্পিন বোলিংয়ে কিছুটা ভুগতে হয়েছে কনওয়ে এবং হেনরি নিকোলাসকে। এছাড়া পেসার তাসকিনের প্রশংসার কমতি রাখেননি শেখ মেহেদী।

এ বিষয়ে তিনি বলেন,“আমাদের পেস বোলাররা ভালোই বোলিং করেছে। যেহেতু আমাদের স্কোরবোর্ডে বড় স্কোর ছিল না। গাপটিল অনেক আগ্রাসী ছিল। ম্যাচ যেহেতু লো-স্কোরিং ছিল, সে কারণে হয়ত চান্স নিতে চেয়েছিল। আমার মনে হয় না গাপটিল বাদে অন্য ব্যাটসম্যানরা খুব একটা সাচ্ছন্দ্য ব্যাটিং করেছে।তাসকিনের কথা যদি বলেন, ও খুবই ভালো বোলিং করেছে। বলে ভালো পেস ছিল। হাসানও ভালো বোলিং করেছে, মুস্তাফিজও ভালো করেছে তবে সবমিলিয়ে তাসকিন বেশ ভালো বোলিং করেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »