পারিশ্রমিক কমানোর বিষয়ে এখনো আসেনি সিদ্ধান্ত –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এক প্রকার বাধ্য হয়ে কিছু পরিবর্তন নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়াতে যাচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিক কমানো নিয়ে। সব খেলোয়াড়দের পারিশ্রমিক কমবে কি না বা কমলেও কী হারে কমবে- সেই সিদ্ধান্ত ঝুলে রইল ক্লাবগুলোর সাথে সিসিডিএমের সভা শেষেও।

গতকাল রবিবার (১৪ মার্চ) মিরপুরে সিসিডিএমের সাথে সভায় বসে ক্লাবগুলো। সেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে ৬ মে থেকে ডিপিএল শুরুর সিদ্ধান্ত হলেও খেলোয়াড়দের পারিশ্রমিক কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি।

সভা শেষে সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ বলেন,’‘খেলোয়াড়দের বিভিন্ন গ্রেড থাকে। কারও ৫ লাখ, কারও ৬ লাখ, কারও ১০ বা ১৫ লাখ থাকে। আমাদের যে সুপারিশ ছিল- যেসব খেলোয়াড়ের পারিশ্রমিক ৫ লাখের নিচে, তাদের ক্ষেত্রে কমানো হবে না। আমি এ ব্যাপারে এখনো ফাইনাল সিদ্ধান্ত দিতে পারব না। এই ব্যাপারে আবারও ক্লাবগুলোর সঙ্গে বসতে হবে, কোয়াবের সাথে আলোচনা শেষে বোর্ডের সঙ্গে আবারও বসতে হবে।’’

তিনি আরও বলেন,’‘খেলোয়াড়দের কিছু মতামত রয়েছে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এদিকে ক্লাবদেরও অনেক মতামত রয়েছে। কারণ এই মহামারিতে তারাও অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। অনেক স্পন্সর আছে, তারাও কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। সবগুলো বিষয় দেখে আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিব। সেটা যেকোনো এডজাস্টমেন্ট হবে। হলে কতটুকু এডজাস্টমেন্ট হবে সেটার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »