নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমানে ভারতের ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে স্বপ্নের মতো সময় পার করছেন পৃথ্বী শ। তাঁর ব্যাটের উপর ভর করে উত্তরপ্রদেশকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে বিজয় হাজারে ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই।
এই টুর্নামেন্টে অন্য ম্যাচের মতো ফাইনালেও হেসেছে পৃথ্বীর ব্যাট। এদিন তিনি ৩৯ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। চারটি শতরানসহ টুর্নামেন্টে আট ম্যাচ খেলে ৮২৭ রান করেছেন মুম্বইয়ের অধিনায়ক।
এমন পারফরম্যান্সের পর পৃথ্বী জানিয়েছেন, কঠোর পরিশ্রমের ফলেই ব্যাট হাতে রানে ফিরতে পেরেছেন তিনি।
পৃথ্বী বলেন,”এটা কিছুটা কঠিন কিন্তু আপনি জানেন, আমার একটাই কাজ ছিল ফিরে আসা এবং কঠোর পরিশ্রম করা। অস্ট্রেলিয়ায় যে ছোটো ভুলগুলো হয়েছিল এগুলো কাটিয়ে ওঠা এবং আরও শক্তভাবে ফিরে আসা।”
নিজের অধিনায়কত্ব নিয়ে পৃথ্বী বলেন,”আমি খুব অল্প বয়স থেকেই অধিনায়কত্ব করছি। আমি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অধিনায়কত্ব করেছি। এ ছাড়া ‘এ’ দলের হয়েও দায়িত্ব সামলেছি। আমি দলকে নেতৃত্ব দিয়ে আনন্দ পেয়েছি এবং এর ফলে প্রতিটি বলে মনোযোগ রাখতে হয়। আমি এটা করতে পছুন্দ করি। এটা আমাদের ব্যাটিংয়েও প্রভাব ফেলেছে। এ কারণে আমি অনেক বেশি মনোযোগী।”
