অতীত স্মৃতিই প্রেরণা যোগাচ্ছে রুবেলকে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যান সবসময় পেসার রুবেলের পক্ষেই কথা বলে। ২০১০ সালে নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করার দিনে রুবেলের রাজসিক উত্থান হয়েছিল। এরপর ২০১৩ সালে দেশের মাটিতে আবারো কিউইদের নাড়িয়ে দিয়েছিলেন তিনি। এ কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের বিগত পারফরম্যান্সগুলো থেকেই এবার প্রেরণা নিচ্ছেন রুবেল।

বর্তমানে বাংলাদেশ দল কুইন্সটাউনে অনুশীলন করছে। কোভিড প্রকোপের কারণে কারণে সেখানে যেতে পারেননি কোনো সাংবাদিক। তবে রসিক টিম ম্যানেজমেন্ট রুবেল ও শরিফুল ইসলামকে মুখোমুখি করে এনে দিয়েছে সাক্ষাৎকারের মুহূর্ত।

সেখানে শরিফুলের সাথে আলাপচারিতায় রুবেলের প্রত্যাশা, নিউজিল্যান্ডে বল হাতে ভালো করতে পারবেন তিনি। রুবেল বলেন,’‘নিউজিল্যান্ডে তো এর আগেও অনেকবার এসেছি। এখানকার কন্ডিশনে বোলিং করে তো ভালো লাগারই কথা। এখানকার উইকেট স্পোর্টিং থাকে, ব্যাটসম্যানদের জন্য সহায়ক কিন্তু বোলাররা ভালো জায়গায় বল করতে পারলে, পরিকল্পনা কাজে লাগাতে পারলে বোলারদের জন্যও ভালো করা সম্ভব।’’

রুবেলকে প্রেরণা যোগাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করার অতীত স্মৃতি। রুবেল বলেন,”সবসময় ভালো করার চেষ্টা করি। সুযোগ পেলে নিজের শতভাগ দিব। অতীতে নিউজিল্যান্ডের সাথে ভালো করেছিলাম, সেসব স্মৃতি মাথায় নেওয়ার চেষ্টা করব। দলের পরিকল্পনা মাঠে কাজে লাগাতে হবে।’’

রুবেলের বিশ্বাস, এবারের দলটির সামর্থ্য আছে পরাজয়ের ধারা ভাঙার। তার ভাষায়,’‘ইনশাআল্লাহ্‌, অবশ্যই পারব। আমাদের দলের সামর্থ্য আছে। উইকেটে গিয়ে মানিয়ে নিতে পারলে ভালো করতে পারব। সবাই সবার সেরাটা দিলে নিউজিল্যান্ডের সাথে ভালো কিছু হবে ইনশাআল্লাহ্‌।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »