ক্যান্সারে আক্রান্ত এইচপি কোচ র‍্যাডফোর্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধান কোচ টবি র‍্যাডফোর্ড। গত বছর বাংলাদেশ এইচপি দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় র‍্যাডফোর্ড এর কাঁধে। ১ বছরের চুক্তি ছিল তার সাথে।

২০২০ সালের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে কাজ শুরু করেন র‍্যাডফোর্ড। করোনার কারনে ২০২০ সালে বাংলাদেশের এইচপি, ‘এ’ দল কিংবা ইমার্জিং দল- কেউই আন্তর্জাতিক পর্যায়ে খেলেনি। যার কারনে আয়ারল্যান্ড উলভস এর বিপক্ষে চলমান সিরিজ ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু অসুস্থতার কারণে এই সিরিজে বাংলাদেশে আসতে পারেন নি তিনি। অবশ্য গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছিল একজন বিসিবি কর্মকর্তা।এবার জানা গেল মূল কারণটাও। র‍্যাডফোর্ড স্কিন ক্যান্সারে আক্রান্ত। আর তাই চিকিৎসকরা তাকে ভ্রমণে বারণ করেছেন।

বিসিবি সূত্র জানায়, ‘র‍্যাডফোর্ড এখন ইংল্যান্ডেই আছে। স্কিন ক্যান্সারে আক্রান্ত সে, ইংল্যান্ডে চিকিৎসা চলছে। আগের চেয়ে এখন ভালো আছে।’

কোচ হিসাবে অভিঞ্জ এবং পরিপক্ক একজন র‍্যাডফোর্ড। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের লেভেল ৪ প্রশিক্ষণপ্রাপ্ত কোচ তিনি। ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে দুই মেয়াদে (২০১২-১৩ এবং ২০১৬-১৯) ব্যাটিং কোচ ও সহকারী কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। ক্লাব ক্রিকেট দল ও ক্রিকেট একাডেমিতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।

এছাড়া ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ দলের কোচ ছিলেন তিনি। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামরগান ও মিডলসেক্সের প্রধান কোচ ছিলেন র‍্যাডফোর্ড। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স দল এবং মিডলসেক্সের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »