নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত এক মৌসুম শেষ করেছিলেন ইশান কিশান। যে কারণে ২২ বছর বয়সি এই তারকাকে সুযোগ দিয়েছেন ইংল্যান্ড সিরিজে। স্কোয়াডে থাকলেও দলের সেরা একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তার। তবে সুযোগ পেলে যেকোন পজিশনে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন এই ক্রিকেটার।
দলে ঋষভ পান্ত আর লোকেশ রাহুলের মতো তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান থাকায় ইশানকে আপাতত বিবেচনায় নিচ্ছে না ম্যানেজমেন্ট। এরপরও আশাবাদী এই তরুণ ক্রিকেটার। তিনি জানিয়েছেন এ ধরনের চাপ বেশ উপভোগই করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইশান বলেন,’‘চাপের ভেতরেই আমি বেশি আত্মবিশ্বাসী থাকি। আমার ধারণা, বিভিন্ন ঘরোয়া ক্রিকেট এবং ভারত ‘এ’ দলের খেলার কারণেই এই ধরনের পরিস্থিতিতে ভালো করতে পারি।’’
তিনি আরও বলেন,”দলে সুযোগ পাওয়া বরাবরই কঠিন। তবে এভাবেই এটা চলে আসছে। আমি যেকোন জায়গায় খেলতে প্রস্তুত। আমার ক্যারিয়ারে আমি ইতিমধ্যে টপ অর্ডার থেকে মিডল অর্ডার- সব জায়গাতেই খেলেছি।”
