নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অসভ্য আচরণের কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। যে কারণে এক প্রকার বাধ্য হয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে শাহাদাত হোসেন রাজিবকে। তবে তার মানবিক আবেদনের প্রেক্ষিতে সেই নিষেধাজ্ঞা হুট করেই তুলে নেওয়া হচ্ছে।
শাহাদাতের শাস্তি মওকুফের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি বিসিবি থেকে। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরতে এই মুহুর্তে আর কোনো বাধা নেই তার। পরবর্তী ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে খেলায় ফিরতে পারবেন তিনি। এ মাসেই এনসিএলের নতুন আসর শুরু হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। সাবেক এই অধিনায়ক বলেন,”ও অনেকটাই ভালো পর্যায়ে আছে। আমরাও চাচ্ছি ও ঘরোয়া ক্রিকেটে ফিরে আসুক। দুই-একদিনের মধ্যে চূড়ান্ত হতে পারে (নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা)। জাতীয় লিগে খেলতে হলে ওকে ফিটনেস টেস্টে পাশ করতে হবে।”
