নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের কারণেই ইংল্যান্ড বিশ্বসেরা-
দেশের খেলা আগে নাকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগে? কয়েকদিন ধরে এমন প্রশ্নের তুমুল আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস অবশ্য প্রশংসার জোয়ারে ভাসিয়েছে আইপিএলকে। তাঁর মতে, এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণেই সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড আজ বিশ্বসেরা দল।
ইংলিশ ক্রিকেটাররা যাতে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পুরোটা খেলতে পারে সেজন্য তাঁদেরকে ইতিবাচক নির্দেশনা দিয়ে দিয়েছে ইসিবি। জস বাটলার-মইন আলীরা যেন আইপিএলেই নিজেদের ব্যস্ত রাখে সেজন্য উৎসাহিতও করা হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের তরফ থেকে।
এই প্রসঙ্গে অ্যাশলে জাইলস বলেন,’‘খেলোয়াড়দের সঙ্গে আলোচনাকালে তাদের কার্যক্রম সম্পর্কে খুব সাবধানে চিন্তা করার জন্য উদ্বুদ্ধ করেছি। আমি তাদের পরিচালিত করিনি। কিংবা তাদেরকে কোন প্রকার চাপ-ও দেয়া হয়নি। আইপিএল কোথাও চলে যাচ্ছে না। এটা আমাদের জন্য বড় ধরণের সুবিধা সৃষ্টি করছে। আমার ধারণা এই গ্রুপ থেকে আমাদের ১২ থেকে ১৬ জন ক্রিকেটার আইপিএলে যাচ্ছে।’’
তিনি আরও বলেন,”কয়েক বছর আগেও আমাদের খেলোয়াড়দের জন্য আইপিএলের অভিজ্ঞতা নেয়াটা খুবই কঠিন ছিল। এখন আমাদের প্রত্যেকটা ক্রিকেটারের বিশাল চাহিদা রয়েছে। এটাই সম্ভবত সবথেকে বড় কারণ যার জন্য সাদা বলের দুই ফরম্যাটেই আমরা বর্তমানে এক নম্বর দল।”
