নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা ১৪ দিন পরেই মুক্তি: বাশার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল মাসের ২৩ ফেব্রুয়ারি ৩ ম্যাচ ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। সেখানে পৌঁছানোর পর তাঁদের সবাইকে থাকতে হয়েছে কোয়ারেন্টাইনে। প্রথম ৭ দিন একা এক রুমে বন্দি থাকলেও বর্তমানে এখন ক্রিকেটাররা গুচ্ছ পদ্ধতিতে অনুশীলনের সুযোগ পাচ্ছেন।

নিউজিল্যান্ডে ১৪ দিন কোয়ারেন্টাইন পালন করার পরই অবাধে চলা ফেরা করতে পারবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। এটাকেই বড় সুবিধা মানছেন বাংলাদেশ দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন।

এ ভিডিও বার্তায় তিনি বলেন,”প্রথম কয়েকদিন কঠিন ছিল। প্রথম দুই তিন দিন আমাদের বুঝতে সময় লেগেছে। এটা সম্পূর্ণ ভিন্ন রকম এক অভিজ্ঞতা সবার জন্যই বেশ কঠিন ছিল। তারপরে চার পাঁচ দিন পরে তো আমরা বাইরে বের হতে পারছিলাম সবার সাথে একটু হলেও দেখা হচ্ছিল। এখন অনুশীলনের সুযোগ পাচ্ছি।”

তিনি আরও বলেন,”এর আগে যে সিরিজ খেলেছি এক মাসের বেশি আমাদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে। এই সময়টা কিন্তু আমরা কোথাও যেতে পারি না। পরিবারের কেউ আসতে পারে না। তো সেটা বরং কঠিন। এখানে অনেক বড় একটা সুবিধা এই ১৪ দিন পরেই কিন্তু আমরা মুক্ত।”

প্রথম ১৪ দিন কষ্ট হলেও পরে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারাটা ক্রিকেটাররা খুব উপভোগ করবেন বলেও মনে করেন বাশার। তাই নিউজিল্যান্ডের কঠোর কোয়ারেন্টাইন বিধি-নিষেধ তারা খুব ইতিবাচকভাবে নিয়েছেন।

এ প্রসঙ্গে বাশার আরো বলেন,”স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারব যে কোন জায়গায় যেতে পারব এবং খেলার বাইরে সময়টা খুব ভালোভাবে উপভোগ করতে পারবো। এটা কিন্তু এক দিকে ভালো যে, আপনি ১৪ দিন কষ্ট করছেন তারপর কিন্তু আপনাকে আর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে না। ছেলেরা এটা সবাই বুঝতে পেরেছে এবং সবাই এটাকে খুব ইতিবাচকভাবে নিয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »