নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টেস্ট দলের জন্য ডিন এলগারকে এবং সীমিত ওভারের ক্রিকেটে টেম্বা বাভুমাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে সিএসএ বোর্ড।
২০২১ এবং ২০২২ এ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন বাভুমা। এছাড়া ২০২৩ এ অনুষ্ঠিত হতে যাওয়া ৫০ ওভারের বিশ্বকাপেও দলের নেতৃত্ব থাকবে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
গতকাল আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই ঘোষণা জানান সিএসএ’এর ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ। নতুন অধিনায়কদের নাম ঘোষণা করে স্মিথ বলেন,’‘টেম্বা এবং ডিন হচ্ছে এমন দুইজন ব্যক্তি যাদের নেতৃত্বে প্রোটিয়া আবার জয়ের ধারায় ফিরতে পারে বলে আমরা বিশ্বাস করি। পুনরায় কেবিনেটে ট্রফি আনার জন্যে এই জুটির নেতৃত্বে স্থিতিশীলতা প্রয়োজন।”
এছাড়া বাভুমাকে প্রশংসায় ভাসিয়েছেন স্মিথ। তিনি বলেন,”টেম্বা এমন একজন যে কিনা সাম্প্রতিক সময়ে মাঠে ধারাবাহিকতা বজায় রেখেছে। এছাড়া কোচ ও অন্যান্য ক্রিকেটারদের বিশ্বাসও রয়েছে তাঁর উপর। আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই দল খেলবে। এছাড়া টেস্ট দলের সহ অধিনায়কের ভূমিকাও সে পালন করবে।”
