নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নামে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ভুয়া ফেসবুক আইডি। সেটি বন্ধের জন্য আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বোর্ড। বিষয়টি জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সম্প্রতি বিসিবি সভাপতির নাম ও ছবি ব্যবহার করে খোলা হয়েছে বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেইজ। বিভিন্ন জায়গাই বিভিন্ন মন্তব্য করছে এ আইডি থেকে এতে করে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিসিবি প্রধানের।
বিষয়টি ইতিমধ্যে নজরে আসায়, ভুয়া আইডিগুলো বন্ধ করার জন্য অবহিত করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ইতোমধ্যে কয়েকজন প্রতারকের অবস্থানও চিহ্নিত করা সম্ভব হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন,’‘আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এর মধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে। দুই-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে।”
নিজামউদ্দিন চৌধুরী আরো জানিয়েছেন, ফেসবুকে কোনো অ্যাকাউন্টও নেই বিসিবি সভাপতির।
