আইপিএলে টাকার অঙ্কের জোর বেশি: স্টেইন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেটের তুলনায় টাকাকেই বেশি গুরুত্ব দেয়া হয় বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছেন এই পেসার। তার মতে, আইপিএলের তুলনায় অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটার হিসেবে বেশি প্রাপ্তি বা সন্তুষ্টি থাকে।

আইপিএলের এবারের আসরে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই গতি তারকা। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, আইপিএলে টাকার অঙ্কে এতো জোর দেয়া হয় যে মানুষ ক্রিকেটটাই ভুলে যায়।

এ প্রসঙ্গে স্টেইন বলেন,”আমি একটু বিরতি নিতে চাচ্ছিলাম। আর আমার কাছে অন্যান্য (আইপিএল ছাড়া) লিগগুলিকে ক্রিকেটার হিসেবে বেশি সন্তুষ্টির মনে হয়। আমার মনে হয় আইপিএলে গেলে আপনি এতো বড় স্কোয়াডে থাকবেন, এতো বড় নাম এবং টাকার অঙ্কে এতো জোর দেওয়া হয় যে কোথাও গিয়ে ক্রিকেটটা যেন সবাই ভুলে যায়। কিন্তু যদি পিএসএল বা এলপিএলে আসেন, ক্রিকেটের গুরুত্ব আছে এখানে।”

আইপিএলের সবশেষ আসরটা ভালো কাটেনি স্টেইনের। তিন ম্যাচে মোটে ১ উইকেট নিতে পেরেছেন তিনি। ভালো পারফরম্যান্স করতে না পারলেও স্টেইন মনে করেন, এই টুর্নামেন্টে টাকাটাই মুখ্য।

তিনি বলেন,”মাত্র কদিন হলো এসেছি, এরই মাঝে লোকে আমার কাছে এসে জানতে চেয়েছে আমি কই খেললাম, কী করলাম। শুনতে খারাপ লাগলেও, সত্যি বলতে কী, আইপিএলে এই ব্যাপারগুলি ভুলে গিয়ে মূল ব্যাপার হয়ে দাঁড়ায় আপনি কতো টাকা পেলেন। আমি এ বছর সেটা থেকে দূরে থাকতে চাই, দল এবং টুর্নামেন্টে একটা ইতিবাচক কিছু আনতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »