ডিআরএস থাকলে কুম্বলে ১ হাজার উইকেট পেতো: গম্ভির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আহমেদাবাদে তৃতীয় টেস্ট মাত্র দুইদিনের আগে শেষ হওয়ার পর থেকেই চলছে আলোচনা-সমালোচনার ঝড়। এমন সময়ে সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং বলেন এমন পিচে খেললে অনিল কুম্বলে-হরভজন সিংদের মতো কিংবদন্তী স্পিনারদের উইকেট সংখ্যা আরও অনেক বেশি হতো।

তবে যুবরাজের এমন মন্তব্যের জবাব দিয়েছেন তাঁরই এক সময়ের সতীর্থ গৌতম গম্ভীর। যুবরাজের মতে, আহমেদাবাদের মতো পিচ করা হলে কুম্বেলে ১ হাজার এবং হরভজন অন্তত ৭০০ উইকেটের কাছাকাছি শিকার করতে পারতেন। এমন মন্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন গম্ভীর।

সাবেক এই ভারতীয় ওপেনারের মতে কুম্বলে-হরভজনদের শিকার করা উইকেটের সংখ্যা অবশ্যই এমন হতে পারতো। তবে এর জন্যে এমন স্পিন সহায়ক পিচের দরকার ছিল না। ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) প্রচলন থাকলেই যথেষ্ট ছিল।

এ প্রসঙ্গে গম্ভীর বলেন,”উইকেট প্রাপ্তির সংখ্যা থেকে আমি যুবরাজ সিং এর সঙ্গে একমত। তবে এই ধরনের পিচে খেলতে হতো এমন ধরনের মন্তব্যের সঙ্গে সম্ভবত একমত নই। কারণ দেখুন, পিচ কিন্তু সকলের জন্যেই একইরকম। অশ্বিন এমন ধরনের পিচ চায়নি, ম্যানেজমেন্ট চেয়েছে। আর যখন এমন ধরনের পিচ তৈরি করা হয় তখন অশ্বিন আরো বেশি প্রত্যাশা পূরণের চাপে থাকে।’’

তিনি আরও বলেন,’‘হ্যাঁ, বর্তমান সময়ের পিচগুলো ভিন্ন। তবে ডিআরএস বিশাল ভূমিকা পালন করে। যদি অনিল কুম্বলে বা হরভজন সিং এর সময়ে ডিআরএস থাকতো তাহলে কুম্বলে ১ হাজার উইকেট এবং হরভজন ৭০০ উইকেটের আশেপাশে থেকে শেষ করতো। কারণ ডিআরএস বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ভারতে, যেখানে খুব বেশি ইনসাইড এজ বা ব্যাট-প্যাডের মতো জিনিসগুলো ঘটে থাকে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »