নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ। তবে দেশটিতে পৌঁছে অনুশীলন কিংবা ম্যাচ খেলার সুযোগ পায়নি তামিম ইকবালরা। টানা ৬ দিন দলের প্রত্যেক সদস্যকেই একা এক রুমে কোয়ারেন্টাইন পালন করতে হচ্ছে।
এতদিন কোয়ারেন্টাইন পালন করলেও একা এক রুমে ২৪ ঘন্টা বন্দী থাকা ক্রিকেটারদের জন্য প্রথম। যদিও ৩০ মিনিটের জন্য নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পান তারা। বাকি ক্রিকেটারদের মতো সাইক্লিং কিংবা শরীর চর্চা করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। তবে নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম দেখেই অবসর সময় কাটাচ্ছেন তিনি।
এক ভিডিও বার্তায় তামিম বলেন,”রুমের মধ্যে আমাদের সাড়ে ২৩ ঘণ্টাই থাকতে হয় ২৪ ঘণ্টার মধ্যে। আধা ঘণ্টা আমরা ফ্রেশ এয়ারে যেতে পারি। রুমের মধ্যে আমাদের সাইকেল দিয়েছে, ব্যান্ড দিয়েছিল বাংলাদেশ থেকে যেন আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি। সাইক্লিং করতে পারি। তাছাড়া আমার টাইম পাস হচ্ছে নেটফ্লিক্স, এমাজন প্রাইম দেখেই। আর ঘুমিয়ে। আর কিছু তো করার নেই। কারণ আপনি অন্য কারো সঙ্গে দেখাও করতে পারবেন না। অন্য কোনো রুমেও যেতেও পারবেন না। এভাবে করে চলে যাচ্ছে আরকি।”
তিনি আরো বলেন,”প্রথমবার যখন ফ্রেশ এয়ারে গেলাম কিছুটা আজবই লাগছিল। কারণ আমরা দুই তিনদিন রুমের মধ্যে ছিলাম। হঠাত করে এলাও করা হলো আমরা নিচে যেতে পারবো। তখন সবার সঙ্গে দেখা করে ভালো লাগলো। মনে হলো অনেক বছর পর পর দেখছি একেক জনকে। নিচের ফ্রেশ এয়ারের জন্য আমাদের গ্রুপ সেট করা থাকে। ৬ জন ৭ জন করে গ্রুপ করে আমরা যাই। ৫-৬ দিন হয়ে গেছে এখনও আমাদের অনেক টিমমেট আছে যাদের সঙ্গে দেখা হয়নি। এটা ভিন্ন, চ্যালেঞ্জিং বাট পাস হয়ে যাচ্ছে।”
