নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাদা পোশাকে আফগানিস্তানের যাত্রা বেশি দিন হয়নি। সর্বপ্রথম ২০১৮ সালে, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় টেস্ট ক্রিকেটে। এরপর মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারা। এর মধ্যে জয়ের হার ৫০ শতাংশ। এমন অর্জনের পরেও ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না তারা।
আর লাল বলের ক্রিকেটে পর্যাপ্ত পরিমাণ ম্যাচ না পাওয়া নিয়ে হতাশ আফগান স্পিনার রশিদ খান। এ বিষয়ে নিজের হতাশা গোপন করেননি তিনি। সাদা পোশাকে আরও বেশি খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন, আফগান ক্রিকেটের এই সুপারস্টার। টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে তরুণ ক্রিকেটারদের বেশি করে ম্যাচ খেলার বিকল্প নেই বলেও মনে করেন তিনি।
রশিদ বলেন,’‘এটা এমন কিছু যেখানে ছেলেদের শিখতে হবে এবং কাজ করে যেতে হবে। তাই আমরা যদি বছরে তিন-চারটির বেশি করে টেস্ট ম্যাচ খেলি, যা কিনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা টেস্ট ক্রিকেটে আমাদের দল হিসেবে এবং খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে উন্নতি করতে সাহায্য করবে। বিশেষ করে তরুণদের ক্ষেত্রে। যদি একজন তরুণ ক্রিকেটার বড় কোন দলের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে, তখন সে বুঝতে পারবে যে তার কি করতে হবে এবং কোথায় উন্নতি করতে হবে।’’
টেস্ট ক্রিকেটকে অন্য সব ফরম্যাট থেকে ভিন্ন উল্লেখ করে এই আফগান তারকা বলেন,’‘টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি মাঠে নেমে শুধু ব্যাট ঘোরাবেন। বেশি কিছু বোঝার দরকার হবেনা। হয় আপনি বল মারবেন কিংবা মিস করবেন। আপনি যদি আউটও হয়ে যান তাতেও খুব বেশি কিছু হবেনা। কারণ এটা টি-টোয়েন্টি ক্রিকেট। কিন্তু টেস্টে আপনাকে সময় কাটাতে হবে (পিচে)।এখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। এটা দক্ষতার পরীক্ষা, আপনি মানসিকভাবে কতটা শক্ত, এর প্রতি কতটুকু আবেগ আপনার আছে, আপনি মানিয়ে নিতে পারবেন কিনা এবং বিপদের সময় দলকে উদ্ধার করতে পারবেন কিনা। টেস্ট ক্রিকেট হচ্ছে যা কিনা আপনাকে আরো ভালো ক্রিকেটার বানাবে। এখানেই ক্রিকেটাররা নিজেদের দক্ষতা বাড়াবে।’’
