ভারতে শুরু হচ্ছে আইপিএলের মত আরেক টুর্নামেন্ট-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সবথেকে নামকরা জামজকমপূর্ণ এই টুর্নামেন্টের ফলে অন্যান্য দেশগুলোতেও চালু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে এবার ভারতেই শুরু হচ্ছে আইপিএলের আদলে আরেকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে বিহার ক্রিকেট লিগের (বিসিএল) পর্দা উঠতে যাচ্ছে চলতি মাস (মার্চ) থেকে। এই টুর্নামেন্টে দেখা যাবে সনাথ জয়সুরিয়া, তিলকারাত্নে দিলশানদের মতো সাবেক তারকা ক্রিকেটারদের।

পাঁচ দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া বিসিএলে পাঁচ দলের পরামর্শদাতা হিসেবে থাকবে পাঁচ সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। জয়সুরিয়া-দিলশান ছাড়াও থাকছে ড্যানি মরিসন, আরপি সিং এবং ভেঙ্কাটেশ প্রসাদদের মতো নামীদামী ক্রিকেটার। মার্চের ২১ থেকে ২৭ তারিখের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই টুর্নামেন্টের ব্যাপ্তি।

অংশগ্রহণ করতে যাওয়া পাঁচটি ফ্র্যাঞ্চাইজি হচ্ছে- পাটনা পাইলটস, ভাগালপুর বুলস, ধারভাঙ্গা ডায়মন্ডস, আঞ্জিকা এভেঞ্জার্স এবং গয়া গ্লাডিয়েটর্স। টুর্নামেন্টটি বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ইন্ডিয়ার (বিসিসিআই) সব নিয়ম মেনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাকেশ কুমার তিওয়ারি।

তিনি বলেন,’‘বিসিসিআই এর সকল নিয়ম-নীতি মেনেই পরিচালিত হবে বিসিএল। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক গঠিত গভর্নিং কাউন্সিলের সদস্যদের দ্বারা এই লিগের গঠনতন্ত্র গঠন করা হয়েছে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »