নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ দিয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই সিরিজে স্বাগতিকদের টি-টোয়েন্টি স্কোয়াডে নেই সুনিল নারিন। ২০১৯ সালে সর্বশেষ দেশের হয়ে মাঠে নামা এই স্পিন বোলিং অলরাউন্ডার জানিয়েছেন, তিনি এখনই জাতীয় দলে ফিরতে প্রস্তুত নন।
নারিন না থাকলেও এই সিরিজে তিন স্পিনারকে স্কোয়াডে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। কেভিন সিনক্লেয়ার, আকিল হোসেন এবং ফ্যাবিয়ান অ্যালেন।
প্রধান নির্বাচক রজার হার্পার জানিয়েছেন, বাংলাদেশ সিরিজের পারফরম্যান্সের কারণেই আকিলকে প্রাধান্য দিয়েছেন তারা। আর বোলিং ভারসাম্যের কারণেই মতির আগে সিনক্লেয়ার নেয়া হয়েছে। সেই সঙ্গে নারিনের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
হার্পার বলেন,”সুনিল আমাদের ইঙ্গিত দিয়েছিল যে সে জাতীয় দলে ফিরতে এখনও প্রস্তুত নয়। সে সামনের জন্য নিজেকে প্রস্তুত করছে তাই আপাতত তাকে বিবেচনা করা হয়নি। মতি খুব ভালো মৌসুম পার করেছে এবং আমাদের নজরও কেড়েছে। কিন্তু আমরা আকিলকে প্রাধান্য দিয়েছে যে বাংলাদেশের বিপক্ষে ভালো করেছে। সে ভালো একজন বাঁহাতি স্পিনার। তাই এই সিরিজেও তাকে পরখ করে দেখব। এছাড়া কেভিন সিনক্লেয়ার আরেকজন স্পিনার আছেন। যাকে ভারসাম্যের কারণে দলে রাখা হয়েছে। সে দলকে আলাদা কিছু দিতে পারবে। এসব কারণেই মতিকে আপাতত দলে নেয়া হয়নি।”
