নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে খেলা হচ্ছে না জসপ্রিত বুমরাহর। একান্ত ব্যক্তিগত কারণে শেষ টেস্টের আগে নিজেকে সরিয়ে নিয়েছেন এই পেসার। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
তবে বুমরাহর বদলি হিসেবে নতুন কাউকে যুক্ত করা হবে না বলে জানিয়েছে বিসিসিআই। বৃহস্পতিবার শেষ হওয়া তৃতীয় টেস্টে প্রথমবারের মতো নিজের হোম ভেন্যুতে খেলতে নেমেছিলেন তিনি। যদিও মাত্র দুইদিনে শেষ হওয়া টেস্টে খুব বেশি ওভার বল করার সুযোগ হয়নি তাঁর। ফলে কয়েক ওভার বল করলেও ছিলেন উইকেটশূন্য।
বুমরাহ না থাকায় শেষ টেস্টে দেখা যেতে পারে উমেশ যাদব কিংবা মোহাম্মদ সিরাজকে। প্রথম দুই টেস্টে না থাকলেও ইনজুরি কাটিয়ে তৃতীয় টেস্টের আগে স্কোয়াডে ফিরেছিলেন যাদব। পিচ বিবেচনায় একাদশে দেখা যেতে পারে দ্বিতীয় টেস্ট খেলা কুলদীপ যাদব কিংবা চলতি সিরিজে এখনও সুযোগ না পাওয়া হার্দিক পান্ডিয়াকে।
ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রিষভ পান্ত (উইকেটরক্ষক) , রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।
