নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে ১০ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। ম্যাচ জিতলেও আলোচনা যেনো থামছেই না কারণ ৫ দিনের টেস্ট ম্যাচটি শেষ হয়েছে মাত্র ২ দিনে। স্পিন উইকেটে দুই দলের ব্যাটসম্যানরাই হয়েছেন ব্যর্থ। তবে এমন পিচে সাফল্যে পেতে পরামর্শ দিয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। স্পাইক জুতার বদলে রাবারের স্পাইক সম্বলিত জুতা পড়ে খেলার পরামর্শ ভারতের সাবেক এই ব্যাটসম্যানের।
ম্যাচের চার ইনিংস মিলিয়ে মাত্র দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে পেরেছেন। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি এবং ভারতের হয়ে করেছেন রোহিত শর্মা। উইকেট যত কঠিনই হোক না কেন, ব্যাটসম্যানদের এমন ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না আজহারউদ্দিন। তার মতে, শুধুমাত্র পিচের দোষ দিয়েই রেহাই পেতে পারবেন না ব্যাটসম্যানরা। নিজেদের বুদ্ধি খাটিয়ে, জুতা বদলে এই ধরণের পিচে ব্যাট করার পরামর্শ ভারতের হয়ে ৯৯ টেস্ট খেলা এই ব্যাটসম্যানের।
নিজের টুইটারে এ প্রসঙ্গে তিনি লেখেন,”আহমেদাবাদ টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখে হতাশ। এই ধরনের খটখটে পিচে যেখানে বল ঘোরে, সেখানে সাফল্য পাওয়ার রাস্তা হল শট নির্বাচন এবং পায়ের ব্যবহার। এমন পিচে ব্যাটসম্যানরা স্পাইক লাগানো বুট পরে কেন ব্যাট করতে নামছে, তা দেখেই অবাক হয়েছি। এ ক্ষেত্রে রাবার সোলের জুতো পরে ব্যাট করলে ক্রিকেটারদের সমস্যা হয় না।”
তিনি আরো বলেন,”ভারতীয়দের মধ্যে এভাবে (রাবার সোলের জুতা পরে) সাফল্য পাওয়া ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন সুনিল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, দিলীপ ভেংসরকাররা। সফররত ক্রিকেটারদের মধ্যে অতীতে সফল হতে দেখেছি স্যর ভিভিয়ান রিচার্ডস, মাইক গ্যাটিং, অ্যালান বর্ডার, ক্লাইভ লয়েডসহ আরও অনেককে।”
উইলম্বডনে টেনিস, যেখানে টেনিস খেলোয়াডরা রাবার স্পাইক পরে খেলেন।
এ প্রসঙ্গে আজহাউদ্দিন বলেন,”কঠিন পিচে রাবারের সোলের জুতো পরে অনেক ব্যাটসম্যানকেই আমি দুর্দান্ত সাফল্য পেতে দেখেছি। তর্কের খাতিরে অনেকে বলতেই পারেন, এ ক্ষেত্রে রান নেওয়ার সময় পা পিছলে পড়ে যেতে পারে ব্যাটসম্যানরা। এর উত্তরে বলতে পারি, উইম্বলডনে সব টেনিস খেলোয়াড় কিন্তু রাবারের সোলের জুতো পরেই খেলেন।”
