নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হাটিহাটি পা করে প্রায় ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার জেমস নিশামের। কিন্তু তিনি জাতীয় দলে নিয়মিত হয়েছেন ২০১৯ সাল থেকে। ২০১২ সালে ক্রিকেটে পা রাখা এই অলরাউন্ডার সুযোগ পেয়েও লুফে নিতে পারেননি। বাদও পড়েছেন আবার ফিরেছেনও। তবে ২০১৯ সাল থেকে ক্যারিয়ারের দিন বদলাতে শুরু করে তার।
রঙিন জার্সিতে কিউই দলের নিয়মিত হয়ে ওঠা নিশাম এবার নিজেকে আরও ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছেন। নিজেকে বানাতে চান জস বাটলার-এবি ডি ভিলিয়ার্সদের মতো। ৩৬০ ডিগ্রী ক্রিকেটার হওয়ার লক্ষ্য এখন এই অলরাউন্ডারের।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং দিয়ে ঝড় তুলেছিলেন নিশাম। ক্রিজে নেমেই প্রথম ৩ বলে হাঁকিয়েছেন ৩ ছক্কা। খেলেছেন ১৬ বলে ৪৫ রানে ঝড় ইনিংস। বোলিংয়েও নিয়েছেন ২টি উইকেট। একজন পরিপক্ব অলরাউন্ডার হয়ে ওঠার লক্ষ্যেই নিজেকে ভেঙে গড়ার চেষ্টায় আছেন তিনি।
নিশাম বলেন,’‘আধুনিক ক্রিকেটে আমি যেটা করছিলাম তা হয়তো যথেষ্ট ছিল না। যে শুধু লং অন আর কাও কর্নার দিয়েই ছক্কা হাঁকাতে পারে। আমি এগুলোর সঙ্গে নতুন কিছু যুক্ত করার চেষ্টা করছি। কিন্তু এখনও আমি লেগ সাইডের ব্যাটসম্যান। আমি চেষ্টায় আছি নিজের খেলার ধরন বদলানোর। বিশ্বের সেরা খেলোয়াড়রা এখন পুরো মাঠেই খেলে। যেমন জস বাটলার, সে ৩৬০ ক্রিকেটার। পুরো মাঠে সে রান বের করতে পারে। আমিও এমন কিছু করতে চাই। নিজের খেলাকে উন্নত করতে এর বিকল্প নেই।”
