নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বলা চলে বর্তমান সময়ে বিশ্বের সবথেকে জাকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের নাম আইপিএল। যে কারণে আইপিএলে ভালো করতে পারলে সুযোগ মেলে জাতীয় দলে খেলার, সেটা যেকোন ফরম্যাটেই হোক না কেন।
তবে আইপিএল খেলে টেস্ট কিংবা ওয়ানডে দলে সুযোগ পাওয়াটা ঠিক নয় বলে অনেকে অভিযোগ করেন। সেই আইপিএল সমালোচকদের দলে নতুন করে যোগ দিলেন নোমান ওঝা। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মনে করেন, আইপিএল দিয়ে টি-টোয়েন্ট দল ঘোষণা করা সম্ভব কিন্তু ওয়ানডে বা টেস্ট নয়।
ঘরোয়া ক্রিকেটের নামকরা এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে অভিষেক হলেও পর্যাপ্ত সুযোগ পাননি। অথচ তাঁর সামনেই আইপিএলের দুই-এক মৌসুমে পারফরম্যান্স করে রীতিমতো তারকা বনে গেছেন হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহদের মতো ক্রিকেটাররা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ ঝেড়ে ওঝা বলেন,”আপনি যদি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করতে থাকেন, মানুষ তা দেখবে না। যদি আইপিএলে আপনি কোনভাবে দুইটি ভালো ইনিংস খেলতে পারেন, তাহলে আপনি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টির তিন স্কোয়াডেই জায়গা পাবেন। আমি মনে করি, আইপিএল থেকে আপনি টি-টোয়েন্টি দল নির্বাচন করতে পারেন, ওয়ানডে বা টেস্ট নয়। যদি তাই করেন তাহলে প্রথম শ্রেনীর ক্রিকেটের দরকার কি?”
ওঝার মতে,”আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় ঘরোয়া বা প্রথম শ্রেনীর ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা বেশ কঠিন। এ প্রসঙ্গে পার্থক্য উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম শ্রেনীর ক্রিকেট খেলতে হলে প্রচুর শৃঙ্খলা আর ফিটনেসের প্রয়োজন। ঘরোয়া ক্রিকেট এত সহজ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি সব সময় ভালো সুযোগ-সুবিধা পাবেন, আন্তর্জাতিক মানসম্পন্ন ফিজিও পাবেন। ঘরোয়া ক্রিকেটে আপনি ভোর পাঁচটায় বিমানে উঠবেন, অনুশীলন করবেন এবং ঐদিনেই ম্যাচ খেলবেন। এটা ব্যতিক্রম এবং শরীরের জন্য কষ্টকর।”
