নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ ৭ বছর পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরতে যাচ্ছেন চেতেশ্বর পুজারা। নিলাম থেকে মাত্র ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। ডানহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন, আইপিএলে শেষে ইংলিশ কাউন্টি খেলতে চান তিনি।
আইপিএলে দল পেলেও পুজারার চোখ আগস্টের ইংল্যান্ড সফরে। সেই সঙ্গে আপাতত ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেই পুরো মনোযোগ তার। এই সিরিজেই নির্ধারিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের সঙ্গী কে হচ্ছে।
পুজারা বলেন,”প্রথমত আইপিএলে ফিরতে পেরে আমি আনন্দিত। চেন্নাইকে ধন্যবাদ দিতে চাই আমাকে নেয়ার জন্য।কিন্তু আইপিএল চলাকালীন ইংলিশ কাউন্টিও চলবে। যদি সময় থাকে আমি তাহলে সেখানে খেলতে চাই। কারণ ইংল্যান্ডে আমাদের সিরিজ আছে। সেটার জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে চাই। আইপিএল শেষে যদি কয়েক ম্যাচ খেলার সুযোগ থাকে তাহলে অবশ্যই খেলতে চাই।”
এছাড়া তিনি বলেন,”আশা করছি কাউন্টিতে খেলার জন্য যথেষ্ট সময় থাকে। ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগে আমাদের কয়েকটি প্রস্তুতি ম্যাচও আছে। এই মুহূর্তে চেন্নাইয়ের ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ হয়নি। তবে আমি শর্টার ফরম্যাটে অবশ্যই খেলতে চাই। কিন্তু এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ ইংল্যান্ড সিরিজে। এই সিরিজ শেষ হলেই এসব নিয়ে ভাবতে চাই। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই।”
