নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকেই মোহাম্মদ মিঠুনের সময়টা ভালো যাচ্ছে না। ঘরোয়া ক্রিকেটের পর এবার অফ ফর্মে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটেও। তবে নিউজিল্যান্ড সিরিজে ভালো করার জন্য নিজেকে শাণ দিচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
দল ঘোষণা হলেও আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়নি। এবারের সফরকে সামনে রেখে এখন পর্যন্ত মিঠুনের প্রস্তুতিটা তাই মানসিকতার।
তিনি বলেন,’‘এখন পর্যন্ত মানসিক প্রস্তুতি নেওয়া আছে। ওখানে কেমন উইকেট হবে বা কেমন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। এবার আমরা কোয়ারেন্টিনের জন্য অনেকদিন আগে যাচ্ছি, প্র্যাকটিসের জন্য অনেকদিন সময় পাচ্ছি, এটা একটা অ্যাডভান্টেজ। আশা করি নিউজিল্যান্ডে দীর্ঘ সময় অনুশীলন করলে আগের চেয়ে ভালো মানিয়ে নিতে পারব।’’
নিজের পারফরম্যান্স সন্তোষজনক না হলেও এ নিয়ে উদ্বিগ্ন বা হতাশ নন মিঠুন। তিনি বলেন,’‘পারফরম্যান্স নিয়ে মানসিকভাবে কোনো সমস্যা নেই। পারফরম্যান্স হচ্ছে না এটা ঠিক। করোনার পর টুর্নামেন্টগুলোতে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। সেগুলো নিয়ে কাজ করছি। ওখান থেকে বের হয়ে আসার জন্য নিজের দিক থেকে যা যা প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো করার চেষ্টা করছি।’’
পুরানো কোন কিছুই মনে রাখাতে চান না তিনি, তাইতো নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে নতুন করে শুরু করতে আত্মপ্রত্যয়ী এই ব্যাটসম্যান। মিঠুন জানান,”কোনোকিছু নিয়ে পড়ে থাকলে ভালো কিছু আসবে না। যা চলে গেছে অবশ্যই হতাশাজনক ছিল। প্রত্যেক খেলোয়াড় অনেক কষ্ট পেয়েছে। আমরা অনেক হতাশ ছিলাম, টেস্ট দুইটা হারার পরে। যেহেতু সামনে নিউজিল্যান্ড সিরিজ সেটাকে ভুলে নতুনভাবে শুরু করার চেষ্টা করছি।”
