ডেস্ক রিপোর্ট »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৪তম আসর পুরোটা খেলার জন্য শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) কাছে ছুটি চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
চলতি বছরের এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে এখনো এই সফর চুড়ান্ত হয়নি। জানা গেছে মে’তে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজ।আর আইপিএল শুরু হবে ১১ এপ্রিল চলবে ৬ জুন পর্যন্ত। তাই আইপিএলের মাঝ পথে শ্রীলংকা সফরে আগ্রহী নন সাকিব। পুরো মৌসুমটাই আইপিএলে অংশগ্রহণ করতে চান এই বাঁ হাতি অলরাউন্ডার।
সাকিবের ছুটির প্রসঙ্গে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন। তিনি জানান সাকিব ছুটি চেয়েছেন আর বিসিবি তাকে ছুটি দিয়েছে।
তিনি বলেন, ‘আইপিএলে খেলার জন্য শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলার জন্য ছুটি চেয়েছেন সাকিব। আমরা তাকে ছুটি দিয়েছি। জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী নয় এমন কাউকে জোর করে খেলাতে চাই না আমরা।‘
৩ কোটি ২০ লাখ রুপিতে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)।
