ভুল থেকে শিক্ষা নিতে চান রুট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বড় জয় পেলেও দ্বিতীয় টেস্টে আবার সেই বড় ধরণের হার দেখতে হয়েছে ইংল্যান্ডকে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংলিশরা হেরেছে ৩১৭ রানে। দুই ইনিংসেই ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই হেরেছে জো রুটের দল। এমন হারের দিনে কোনো রকম অজুহাত দিতে চান না রুট। বরং এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান এই ইংলিশ অধিনায়ক।

ভারতীয় তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। উইকেটের আচরণ পিচের টার্ন বুঝে খেলতে না পারার কারণেই মূলত ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা।

স্পিন বান্ধব উইকেট সফল হতে না পারলেও উইকেটের দোষ দিতে নারাজ রুট। তবে উইকেটের প্রশংসাও করেননি তিনি।

এ প্রসঙ্গে ইংলিশ অধিনায়ক বলেন,’‘আমি বলবো না এটা খুব ভালো উইকেট ছিল। তবে এই উইকেট তৈরি করা হয়েছে একটি উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচের জন্য এবং উইকেটকে দোষারোপ করা পরাজয়ের কারণ হতে পারে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ভালো খেলে ভারত আমাদের হারিয়েছে।‘’

তিনি আরও বলেন,’‘এই পরাজয় থেকে আমরা শিক্ষা নিতে চাই। উইকেটে বেশি টার্ন ছিল, হঠাৎ হঠাৎ বাউন্সও ছিল। আমাদের তা বুঝে খেলা উচিত ছিল। এরপর এমন পরিস্থিতির সম্মুখীন হলে আমরা যেন তা মোকাবেলা করতে পারি সেই শিক্ষাই নিয়েছি।’’

সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্ট ম্যাচটি হবে গোলাপী বলে। দিবারাত্রির এই টেস্টে ইংলিশ শিবিরে ফিরতে পারেন জফরা আর্চার ও জেমস অ্যান্ডারসন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »