অশ্বিনকে হরভজনের শুভকামনা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সম্প্রতি ভারতের মাটিতে উইকেট শিকারের তালিকায় থাকা অফ স্পিনার হরভজন সিংকে ছাড়িয়ে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাই টেস্টে আট উইকেট পাওয়ার কারণে হরভজনকে টপকে যান তিনি। অফ স্পিনে নিজের আদর্শকে ছাড়িয়ে যাওয়ার নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হরভজনকে ‘সরি’ বলেছেন অশ্বিন।

টেস্টের দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন,“২০০১ সালের অস্ট্রেলিয়া সিরিজের খেলা যখন দেখা শুরু করলাম সেখানে ভাজ্জু পা (হরভজন) খেলছিলেন। তখন আমার কল্পনায়ও ছিল না যে অফ স্পিনার হিসেবে দেশের জন্য খেলব। রাজ্য দলের হয়ে আমি ব্যাটসম্যান হিসেবে খেলতাম আর ব্যাটসম্যান হিসেবেই দেশের হয়ে খেলার চেষ্টা করছিলাম। সেখান থেকে এসে আজকে তার রেকর্ড ছাড়িয়ে যাওয়া, এটা অবিশ্বাস্যরকমের স্পেশাল। রেকর্ডটি আমার জানা ছিল না। এখন জেনে দারুণ লাগছে। সরি ভাজ্জু পা!”

অশ্বিনের কাছে রেকর্ড হারানোতে বেশ আনন্দই পেয়েছেন হরভজন। অশ্বিনের ‘সরি’ এর জবাবে হরভজনের টুইট দেখে সেটাই মনে হয়েছে। টুইটারে হরভজন লিখেছেন,“তুমি একজন চ্যাম্পিয়ন। আমি আশা করি সামনে এর চাইতে আরও বড় রেকর্ড করবে। চালিয়ে যাও, আরও সফল হও। তোমায় স্রষ্টা আশীর্বাদ করুক।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »