নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারসহ আরো ১১ জন শীর্ষ ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে এসেছিল ক্যারিবীয় দল। ওয়ানডেতে সব ম্যাচ হারলেও টেস্টে সব আলো কেড়ে নিয়েছে নিজেদের দিকে। শীর্ষ ক্রিকেটারদের ছাড়াই হোয়াইটওয়াশ করেছে টেস্টে তাঁরা।
এমন পারফরম্যান্সের পর ক্যারিবীয় কোচ ফিল সিমন্স জানিয়েছেন, দলের ক্রিকেটারদের মধ্যে এমন প্রতিযোগীতাই চান তিনি। সেই সঙ্গে খেলোয়াড়রা নিজেদের জায়গার জন্য লড়াই করুক এমনটাই প্রত্যাশা তাঁর।
সিমন্স বলেন,”কোচ, নির্বাচক হিসেবে আপনি এটিই চান। আপনি চান খেলোয়াড়রা জায়গার জন্য লড়াই করুক, তারা জানুক যে সুযোগ পেলেই তাদের পারফর্ম করতে হবে কারণ তাদের জায়গা নেয়ার জন্য খেলোয়াড় আছে। এভাবেই আপনার ক্রিকেট এগিয়ে যাবে।”
সিরিজ জুড়েই ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন বোনার, সিলভারা। তারা চাপের মুখে ভালো পারফরম্যান্স করায় আনন্দিত ক্যারিবীয় কোচ।
তিনি বলেন,”আমার মনে হয় এটি তাদের চোখ খুলে দেবে টেস্ট ক্রিকেট কতটা কঠিন সেই ব্যাপারে। আপনাকে কতটা পরিশ্রম করতে হয় পারফর্ম করতে। আমার মনে হয় এটি তাদের জন্য দারুণ একটি ব্যাপার। সৌভাগ্যবশত তাদের আশেপাশে অভিজ্ঞ ক্রিকেটাররা আছে, ব্ল্যাকউড, ব্র্যাথওয়েট, ব্যাটিংয়ের দিক থেকে। চাপের মুখোমুখি হওয়া তাদের জন্য ভালো ছিল, কিন্তু এটিও ভালো ছিল যে তারা পরামর্শের জন্য অভিজ্ঞ কাউকে পেয়েছে।”
