নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্যর্থতার গন্ডি থেকে কিছুতেই বের হতে পারছিলেন না মিসবাহ উল হক। যে কারণে তাঁর প্রধান কোচের চাকরি ছিল ঝুঁকির মধ্যে। এমনকি প্রধান কোচের পদ থেকে তাকে সরিয়ে বিদেশি কোচ নিয়োগের কথাও ভেবেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের সাফল্য এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে মিসবাহর চাকরি।
তবে দুই ম্যাচ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে আপাতত মিসবাহর চাকরি বাঁচিয়ে দিয়েছে পাকিস্তান দল। আর এই জয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক।
তিনি বলেন,’‘মনে হচ্ছে খোলা বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। দলের আত্মবিশ্বাস তলানিতে ছিল, মানুষ ক্ষিপ্ত ছিল, তাই এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। এমন পরিস্থিতিও ছিল যখন মনে হয়েছে আমরা হেরে যাব। শীর্ষস্থানীয় দলের বিপক্ষে এমন জয়ের কৃতিত্ব ছেলেদের দিতেই হবে।’’
মিসবাহ অবশ্য সফলতার মত দলের ব্যর্থতার দায়ও নিতে রাজি। তিনি বলেন,’‘বলছি না আমি ব্যর্থতার দায়ভার নিতে চাই না। জয়ের পর যদি আমি কৃতিত্ব পাই তাহলে অবশ্যই পরাজয়ের দায়ভারও আমাকেই নিতে হবে। অপেক্ষা করতে হবে, উত্থানপতন থাকবেই। শুধু জয় থাকবে এমন নয়, আবার শুধু পরাজয় থাকবে এমনও নয়। ফলাফল পেতে কিছু সময় লাগে। হতাশা থেকে নেওয়া সিদ্ধান্ত উপকার করবে না। পরিবর্তন ভালো, তবে তা হতে হবে উন্নতির জন্য।”
