আইপিএলের পর ক্রিকেটারদের দুই সপ্তাহের বিশ্রাম প্রয়োজন- রবি শাস্ত্রী

ডেস্ক রিপোর্ট »

গেল বছরের আইপিএল শেষে টানা খেলার মধ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।আইপিএল শেষেই প্রথমে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বিরাট কোহলির দল। এরপর সেখানে জৈব সুরক্ষা বলয়ের কড়া নিয়ম মেনে খেলতে হয়েছে চার টেস্ট, তিন টি-টুয়েন্টি এবং পাঁচ ওয়ানডে।

এরপর দেশে ফেরার পরেও ব্যস্ত সূচির মধ্যে রয়েছে ভারতীয় ক্রিকেটাররা। গতকাল থেকে শুরু হয়েছে ইংল্যান্ডেরর বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর রয়েছে তিন টি-টুয়েন্টি এবং পাঁচ ওয়ানডে।

যে কারণে খেলোয়াড়দের এমন একটানা জৈব বলয়ের ভেতরে থাকাটাকে ভালোভাবে নিচ্ছেন না ভারতীয় কোচ রবি শাস্ত্রী। বিশ্রামের পর্যাপ্ত সুযোগ না থাকায় খেলোয়াড়রা মানসিকভাবে চাপে রয়েছেন বলেও মন্তব্য করেছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার।

এ জন্য আগামী আইপিএলের পর ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথম দিন শেষে আজ (শুক্রবার) এমন মন্তব্য করেছেন কোহলিদের গুরু।

শাস্ত্রী বলেন,”আমি বিশ্বাস করি, একটা নির্দিষ্ট সময় পরে খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন রয়েছে। ইংল্যান্ড সিরিজ শেষেই ক্রিকেটাররা আইপিএলে ব্যস্ত হবে। তবে আইপিএল শেষে অন্তত দুই সপ্তাহের জন্য বিশ্রামের প্রয়োজন আছে। করোনার ফলে এই জৈব সুরক্ষা বলয়ের নিয়মে ক্রিকেটাররা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, পেশাদার ক্রিকেটার হলেও দিনশেষে তারা মানুষ।’’

শাস্ত্রী আরো বলেন,”যতদিন পর্যন্ত এই দল খেলতে থাকবে, ততদিন পর্যন্ত তাঁরা মাঠে গর্বের সঙ্গে খেলে যাবে। আমরা ধীরে ধীরে আগাবো। প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ, প্রতিটা সিরিজ গুরুত্বপূর্ণ এবং আমাদের যথেষ্ট পরিমাণ ক্রিকেটার আছে যারা যেকোন ফরম্যাটে যেকোন সময়ে পারফর্ম করতে পারবে। তাই জয়ের ক্ষুধা সবসময়ই দলের ভেতর থাকবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »