নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জুয়া নামটিই যেনো কেমন একটা। এ জন্য ক্রিকেটে জুয়া কোম্পানিগুলোর প্রভাব কমাতে ক্রিকেট সংগঠনগুলোকে আরো দায়িত্বশীল হতে বলেছেন ক্রিস উড। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত ৯টি ম্যাচে জুয়া খেলার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ স্বীকার করেছিলেন হ্যাম্পশায়ারের এই ক্রিকেটার। এরপরই গেল বছর ২ মাসের জন্য নিষিদ্ধ হন এই পেসার।
উড নিজের জুয়া আসক্তির কথা স্বীকার করে প্রথম মুখ খোলেন গত মে মাসে। তিনি জানান, ‘জুয়া তাঁর জীবনের ১১ বছরের প্রায় প্রত্যেকটি ঘন্টা কেড়ে নিয়েছে।‘
সংবাদমাধ্যম বিবিসি সাউথকে দেওয়া এক সাক্ষাৎকারে উড বলেন,’‘ইদানীং আপনি যেদিকে তাকাবেন সেদিকেই এসব জুয়া কোম্পানির বিজ্ঞাপন দেখবেন। অসংখ্য ফুটবল ক্লাব তাদের প্রধান জার্সি স্পন্সর হিসেবে এসব জুয়া কোম্পানিগুলোকে এমনভাবে ব্যবহার করছে যে মনে হবে এসব থেকে বের হয়ে আসার কোন পথ নেই। খেলা চলাকালীন সময়ে টিভিতে আসা প্রতি পাঁচটি বিজ্ঞাপনের অন্তত একটি জুয়া সম্পর্কিত। জুয়া থেকে পরিত্রাণ পাবার আশায় প্রথম ৬ মাস যখন এসব বিজ্ঞাপনগুলো আমার সামনে আসতো, তখন এটা ছিল খুবই কষ্টকর।”
একসময় ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলে খেলা এই পেস বোলার বর্তমানে প্রথম শ্রেণীর কাউন্টি একাডেমি ক্রিকেটারদের দেখাশোনা করছেন। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে জুয়ায় আসক্ত হওয়ার ক্ষতি এবং বিপদ সম্পর্কেও উড তাঁর অভিজ্ঞতা জানিয়েছেন।
উড বলেন,”এটা এক অন্য ধরণের অভিজ্ঞতা। তবে এসব আমি পেছনে ফেলে একটা পার্থক্য তৈরি করতে চাই। আমি জানি যে আমার আর কিছুই গোপন করার নেই। আমার গল্প শুধুই আমার এবং আমি জানি যে আমার একটি গল্প আছে অন্যদের শেখানোর, সামনে এগিয়ে যাবার। আমার এই সময়ে আমি অজস্র ভালোবাসা-সমর্থন পেয়েছি। আমি অভিভূত যে ক্রিকেট কমিউনিটি আমাকে কিভাবে সাহায্য করেছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে।’’
