আমার চোখে সাকিব ভাই একের ভেতর দুই: মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাদা জার্সিতে ফেরার সময় গুনছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাকে নিয়ে মাতামাতিই জানিয়ে দেয় তার শ্রেষ্ঠত্ব কেমন। সর্বপ্রথম বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ঘরোয়া ক্রিকেটে এরপর ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব। এবার ফিরতে যাচ্ছেন মর্যাদার টেস্ট ক্রিকেটে। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার দীর্ঘদিন পর ফিরছেন টেস্ট ক্রিকেটে। এ নিয়ে টেস্ট অধিনায়কের একটু বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করাটাই স্বাভাবিক।

সাকিবকে দলে ফিরে পেতে অধিনায়ক মুমিনুল এতটাই মরিয়া ছিলেন যে, করোনার কারণে একের পর এক স্থগিতাদেশ পেলেও খুশি হচ্ছিলেন না অধিনায়ক। সাকিবের অনুপস্থিতিতেই তাকে নিতে হয়েছিল টেস্ট দলের দায়িত্ব। সেই সাকিব যখন তার নেতৃত্বে খেলার জন্য ফিরে এসেছেন, মুমিনুল তো স্বস্তিতে থাকবেনই।

সাকিবকে ফিরে পেয়ে কতটা স্বস্তি কাজ করছে, তা স্পষ্ট মুমিনুলের রসিক উত্তরেই। তিনি বলেন,’‘প্রশ্ন অনেক দেরিতে করে ফেলেছেন আপনি। আমার কাছে মনে হয় উনি একের ভেতর দুই। উনি থাকলে টিম কম্বিনেশন ভালো হয়। ব্যাটিং বলুন বোলিং বলুন, দল সাজানো অধিনায়কের জন্য সহজ হয়। তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য ভালো একটা সুযোগ।’’

চোট থেকে সেরে নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন সাকিব। তবে পায়ের কুঁচকির চোট পুরোপুরি সারেনি এখনো, জানিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

মুমিনুল অবশ্য আশাবাদী, সাকিব প্রথম ম্যাচেই থাকবেন একাদশে। তিনি বলেন,‘আমি তো আশা করি সাকিব ভাই খেলবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »