দর্শক ফিরছে পিএসএলে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনার বিরতির পরে সর্বপ্রথম ইংল্যান্ডে এবং পরে অস্ট্রেলিয়াতে খেলা মাঠে গড়ায়। যথারীতি উপমহাদেশের দেশগুলোতেও ফিরতে শুরু করেছে ক্রিকেট। তবে করোনা পরিস্থিতির কারণে মাঠে দর্শক ফেরেনি উপমহাদেশের দেশগুলোতে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দর্শক ফেরানোর কথা ভাবছে পাকিস্তান।

চলতি মাসে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এর আগে ন্যাশনাল কমান্ড অপারেশন্স সেন্টারের (এনসিওসি) কাছে থেকে অনুমতি নিতে হবে পিসিবিকে।

সম্প্রতি এমনই সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। তাঁদের প্রতিবেদন অনুযায়ী, পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ইসলামাবাদে গিয়ে ইতোমধ্যে এনসিওসির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। যেখানে তিনি মাঠে দর্শক ফেরানোর ব্যাপারে তাঁদেরকে সবকিছুই জানিয়েছেন।

সরকারের অনুমতি পেলে আগামী ৪ ফেব্রুয়ারি ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক ফেরানোর বিষয়টি আরও জোরালো হয়েছে পিসিবির মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান বার্নির কথায়।

তিনি জানিয়েছেন ইতিবাচক উন্নতি হলে পিএসএলের ৬ষ্ঠ মৌসুমে মাঠে দর্শক ফেরানো হতে পারে। ২০ ফেব্রুয়ারি পর্দা উঠবে পিএসএলের এবারের মৌসুমের। উদ্বোধনী দিনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন করাচি কিংস ও ২০১৯ আসরের চ্যাম্পিয়ন কোয়েট্টা গ্লাডিয়েটর্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »