কর্নওয়ালকে নিয়ে বেশ আশাবাদী ক্যারিবীয় অধিনায়ক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তিন দিনের প্রস্তুতি ম্যাচে উইকেটে স্পিন ছিল খুবই কম। অথচ এই উইকেটেই বিসিবি একাদশকে একাই কাঁপিয়ে দিয়েছেন রাহকিম কর্নওয়াল। ক্যারিবীয় এই স্পিনার দুই টেস্ট ম্যাচেও ভালো করবেন বলে প্রত্যাশা সফরকারী দলটির ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের।

চট্টগ্রামে টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি। ব্রাথওয়েটের বিশ্বাস, টেস্ট সিরিজেও বাংলাদেশের মাথাব্যথার কারণ হবেন কর্নওয়াল। স্পিন বান্ধব কন্ডিশনে কর্নওয়ালকে নিয়ে বেশ আশাবাদী তিনি।

তিনি বলেন,’‘রাহকিমের সামর্থ্য সম্পর্কে আমি ভালো করেই জানি। আমি জানতাম, সে সবসময়ই এখন মানসম্পন্ন অফ স্পিনার। এই কন্ডিশনে তাকে দেখতে পেয়ে ভালো লাগছে। আমি জানি, টেস্টগুলোতে সে ভালো করবে।’’

শুধু কর্নওয়ালই নন, বাকি বোলারদের নিয়েও উচ্ছ্বাস কাজ করছে ব্রাথওয়েটের মাঝে। স্বস্তি ছড়িয়েছেন ব্যাটসম্যানরাও। বিসিবি একাদশকে অলআউট করার তৃপ্তি বাড়তি প্রেরণা যোগাচ্ছে ব্রাথওয়েটকে।

তিনি আরোও বলেন,”আমি অনেক খুশি। ছেলেরা দারুণ বল করেছে। ব্যাটসম্যানরাও ব্যাটিংয়ে সুযোগ পেয়েছে দুইবার। কেউ কেউ রানের দেখাও পেয়েছে। দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার বল করতে পেরেছে স্পিনার-পেসাররা। সব মিলিয়ে আমি বেশ খুশি। প্রথম ইনিংসে ওদের দশ উইকেটের পতন ঘটাতে পেরেছি। এটা দারুণ ছিল। আমার মনে হয় ছেলেরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। বোলিং ইউনিট হিসেবে আমাদের সুনির্ধারিত পরিকল্পনা থাকতে হবে। ডট বল দিয়ে চাপে ফেলতে হবে। তাহলে উইকেটও পাওয়া যাবে। উইকেটে কোনো ব্যাটসম্যান সেট হলে সে তিন অঙ্কের রানের দেখা পেতেই পারে। সেক্ষেত্রে দলও ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »