নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৫ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। আর এই ম্যাচের আগে একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ১৪তম ইংলিশ ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। ভারতের চেন্নাইয়ে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে পারাকে বিশেষ কিছু মনে করছেন ইংলিশ এই অধিনায়ক।
সাধারণত ভারতের মাটিতে স্পিন বলে দুর্বল ইংলিশ ব্যাটসম্যানরা। তবে উল্টো চিত্র রুটের ক্ষেত্রে সেখানে ৪ টি ডাবল সেঞ্চুরি হাঁকানো এই অধিনায়ক স্পিনের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করেন। আবার এই ভারতের বিপক্ষেই অভিষেক টেস্ট খেলে ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। তাই ৫ ফেব্রুয়ারী শুরু হতে যাওয়া সেই টেস্টে খেলতে তর সইছে না তাঁর।
এ প্রসঙ্গে রুট বলেন,”এতদিন খেলে এখানে (ভারতে) ফিরে আসাটা সত্যিই দুর্দান্ত। ২০১২ সালে এখানেই আমার প্রথম সফর ছিল। এটি আমার চোখ খুলে দিয়েছিল। এখানেই আমি স্পিন খেলতে শিখেছি, কিছু দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলা করতে শিখেছি। চেন্নাইয়ে ফিরে এসে ১০০ তম টেস্ট খেলা আমার কাছে বিশেষ কিছু। আমি আর অপেক্ষা করতে পারছি না।”
রুট মনে করছেন ভারতের মাটিতে তাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়ে ২০ উইকেট নেয়ার ক্ষমতা রয়েছে তাঁর দলের স্পিনারদের। এমন স্পিনের বিপক্ষে বড় রান সংগ্রহ করতেও সক্ষম তাঁর দল।
এ প্রসঙ্গে রুট আরো বলেন,”অতীতে আমাদের ২০ উইকেট নিতে অনেক লড়াই করতে হয়েছে, বিশেষত দেশের বাইরে। তবে আমি মনে করি আমরা এখন ২০ উইকেট নেয়ার একটি উপায় আবিষ্কার করেছি। আমাদের ডম বেস এবং জ্যাক লিচদের মতো স্পিনার রয়েছে। আমরা আরও সুসংগত হয়েছি এবং আমরা উপমহাদেশের উইকেটে প্রথম ইনিংসে বড় রান সংগ্রহ করার সক্ষমতা অর্জন করেছি।”
