এ বছর মাঠে গড়াচ্ছে না রঞ্জি ট্রফি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনার প্রভাবে অনেক দেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও থমকে গিয়েছে। এবার সেই প্রভাবের মধ্যে পড়লো ভারতের ঘরোয়া ক্রিকেটে। বাতিল হলো রঞ্জি ট্রফির এবারের আসর। ১৯৩৪-৩৫ মৌসুম থেকে শুরু হওয়া ভারতের এই ঘরোয়া ট্রফি এবারই প্রথম বন্ধ হলো।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর সকল স্টেট এসোসিয়েশনের পরামর্শেই বিসিসিআই রঞ্জির ২০২০-২১ মৌসুমের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ্‌ এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন,’‘প্রয়োজনীয় সুরক্ষার কথা চিন্তা করে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এই মৌসুমের ক্যালেন্ডার তৈরী করা আমাদের জন্য একটি কঠিন কাজ ছিলো। আমরা চেয়েছিলাম যেকোনো উপায়ে নারী ক্রিকেট যেন মাঠে গড়ায়।”

তিনি আরও বলেন,”আমরা খুবই খুশী যে, আমরা নারীদের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। সেই সঙ্গে বিজয় হাজারে ট্রফি (পুরুষদের ওয়ান ডে) ও ভিনু ম্যানকাড ট্রফি (অনুর্ধ্ব ১৯ ওয়ানডে) ট্রফি মাঠে গড়াতে যাচ্ছে।’’

আহমেদাবাদে অনুষ্ঠিত বিসিসিআই এর বার্ষিক সভায় রঞ্জি ট্রফি আয়োজনের সম্ভাবনা নিয়ে কথা হয়। সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী রঞ্জি ট্রফির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। যদিও স্টেট এসোসিয়েশনের আপত্তিতে তার প্রস্তাব বাতিল করা হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »