নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানে সফরে গেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এর আগে সর্বশেষ ২০০৭ সালে উপমহাদেশের এই দেশে খেলতে এসেছিল প্রোটিয়ারা। তখন দলে ছিলেন না পেসার রাবাদা। যে কারণে বিশ্বের বিভিন্ন দেশে খেললেও পাকিস্তানে খেলা হয়নি কাগিসো রাবাদার। প্রথমবার দেশটিতে খেলতে পেরে তাই বেশ উচ্ছ্বসিত এই গতি তারকা।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ ছিল। এরপর সেখানে ক্রিকেট ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেয় দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সহ বিশ্ব একাদশ, এমসিসি, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মতো দল দেশটিতে সফর করে।
প্রথমবারের মতো উপমহাদেশের এই দেশটিতে খেলতে পেরে তাই নিজের অনুভূতি প্রকাশ করলেন তিনি।
সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে রাবাদা বলেন,”এটাই প্রথমবার আমি পাকিস্তানে খেলতে এসেছি। এটা দারুণ অনুভূতি। এটাই ছিল একমাত্র জায়গা যেখানে এর আগে আমি খেলিনি। এখানে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।”
উপামহাদেশের দেশগুলোর উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়। পেস বোলারদের জন্য এখানকার উইকেটটাই হয়ে ওঠে কঠিন পরীক্ষার। বিশ্বের দ্রুত গতির বোলার বোলার রাবাদাও তাই স্বীকার করছেন। তাঁর মতে উপমহাদেশের উইকেটগুলো পেস বোলারদের মানসিক এবং শারীরিক পরীক্ষাও নেয়।
এ প্রসঙ্গে রাবাদা আরো বলেন,”অন্য টেস্টের মতোই এখানে খেলা বেশ কষ্টের। বিশেষ করে উপমহাদেশে, যেখানে আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হয়। এখানে আপনার মানসিক পরীক্ষায় দিতে হয়। এমনকি এটি আপনার শারীরিক ফিটনেসের পরীক্ষায়ও নেবে।”
