নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমেছেন অধিনায়ক কুইন্টন ডি কক। আর দলের প্রধান কোচ মার্ক বাউচার বিশ্বাস করেন দেশের হয়ে আরও ১০০টি টেস্ট খেলবেন প্রোটিয়া এই অধিনায়ক। একইসাথে পাকিস্তানের মাটিতে নিজের সেরা খেলাটা খেলবেন বলেও আশাবাদী দক্ষিণ আফ্রিকার এই প্রধান কোচ।
এর আগে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হয় ডি ককের। গেল ৭ বছরে ৫০টি টেস্ট খেলার সঙ্গে দলটির অধিনায়কত্বও পেয়েছেন তিনি। ৫টি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরির মালিক বাঁহাতি এই ব্যাটসম্যান পাকিস্তানের মাটিতেই ছুঁয়ে ফেলতে পারেন ৩০০০ টেস্ট রান। এই মুহূর্তে তার মোট রান ২৯৬২।
আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ১৮তম ক্রিকেটার হিসেবে ৫০টি টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন ডি কক। বাউচার বলেন,”ডি ককের ক্যারিয়ার তো মাত্র শুরু হলো। আশা করছি সে অন্তত আরও ১০০টি টেস্ট খেলবে। ব্যক্তিগতভাবে আমি চাই এই সিরিজে সে তার সেরা খেলাটা খেলুক। তাহলে অধিনায়ক হিসেবে তার এবং দলের জন্য মঙ্গলকর হবে। কুইনি (ডি কক) একজন স্পেশাল ক্রিকেটার। আমরা তার সেরাটা দেখেছি। সে এমন একজন খেলোয়াড় যে প্রতিপক্ষ কোনোদিনই চাইবে না যে সে ভালো ফর্মে থাকুক। কারণ সে প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। এমনকি সে বাইরের মাটিতে খেলতেও স্বাচ্ছন্দ্যবোধ করে।”
