নিউজ ডেস্ক »
একপ্রকার বাধ্য হয়ে খেলতে আসার মতো এসেছে ক্যারিবিয়ানরা। আর বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এমন নাজুক পারফরম্যান্স দেখে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্যারিবীয়দের কাছে আরও ভালো পারফরম্যান্স আশা করেছিলেন বলে জানিয়েছেন তিনি।
বিষয়টা এমন না যে ওয়েস্ট ইন্ডিজের মূল দলের বিপক্ষে ভালো খেলে না বাংলাদেশ। সাম্প্রতিক সময় বিবেচনা করলে দেখা যাবে বাংলাদেশ দলের দারুণ সাফল্য তাঁদের মূল দলের বিপক্ষে। এই সিরিজেও টাইগারদের জয় তাই প্রত্যাশিত ছিল। কিন্তু তাই বলে এমন একপেশি জয়!
দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন অসহায় আত্মসমর্পণের পেছনে নানান যুক্তি থাকতে পারে যেমন তাঁদের ‘দ্বিতীয় সারির দল’। তবুও ওয়েস্ট ইন্ডিজের এমন পারফরম্যান্সে বেজায় হতাশ বিসিবি সভাপতি। তবে তার প্রত্যাশা, তৃতীয় ওয়ানডে ও টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারবে সফররতরা।
পাপন বলেন,”ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে আমরা যেরকম পারফরম্যান্স প্রত্যাশা করেছিলাম প্রথম দুই খেলায় তা দেখিনি। তবে সামনে তো আরও খেলা আছে। আমার ধারণা, অবশ্যই তারা আরও উন্নতি করবে।’’
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল ২৫ জানুয়ারি, ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের শেষ ওয়ানডে শেষে এই ভেন্যুতেই শুরু হবে প্রথম টেস্ট। ৩ তারিখ শুরু হওয়া চট্টগ্রাম টেস্ট শেষ করে দুই দলই পা রাখবে ঢাকায়। ফের লড়াই গড়াবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি।
