ডেস্ক রিপোর্ট »
এক সময়ের বিশ্বের অন্যতম শক্তিশালী দলটি ছিল পাকিস্তান কিন্তু বর্তমানে যারা কিনা নিজেদের হারিয়ে খুঁজছে। করোনা মহামারীর বিরতি কাটিয়ে ইংল্যান্ডের সঙ্গে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হেরেছে তারা। সাবেক ক্রিকেটার সহ সকলেই এমন ভরাডুবির জন্য দায়ী করছেন কোচ মিসবাহ উল হককে।
দিশেহারা অবস্থায় রয়েছে মিসবাহর গদি। এর মধ্যেই সাবেক অনেক পাকিস্তানি ক্রিকেটার জানান দিচ্ছেন কোচ হিসেবে তারা দায়িত্ব নিতে প্রস্তুত। এই কাতারে যোগ দিয়েছেন সাবেক ওপেনার ইমরান নাজির।
সর্বশেষ দুই সফরেই ব্যাটিং ও ফিল্ডিং দুর্বলতা চোখে পড়ার মত ছিলো পাকিস্তান দলের। নিউজিল্যান্ডের বিপক্ষে বাবর আজম বিহীন ব্যাটিং লাইন আপ তো রীতিমত সংগ্রাম করেছেন, সেই সঙ্গে ফিল্ডাররা যেন নেমেছিলেন ক্যাচ ছাড়ার প্রতিযোগীতায়। দলের এমন হতশ্রী পারফরম্যান্স হতাশ করেছে নাজিরকে। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন সুযোগ পেলে তিনি কোচ হিসেবে দেশের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত।
এই প্রসঙ্গে নাজির বলেন,”পাকিস্তানি খেলোয়াদের যেভাবে ফিল্ডিং এবং পাওয়ার হিটিং করা উচিত তারা সেভাবে করতে পারছেনা। তাদের শেখানোর দায়িত্ব এমন সঠিক মানুষের দায়িত্বে নেই যে কিনা দুই দিকই শেখাতে পারবে। এটি দেখে হতাশ হয়ে পরি। ক্রিকেট ছাড়ার পরে আমার মতো ফিল্ডিং দক্ষতার কোন খেলোয়াড়কেও দেখিনি। আমার এবং শহীদ আফ্রিদির পরে আসল পাওয়ার হিটার হিসেবেও একমাত্র শারজিল খানের উত্থান হয়েছিলো। আমাকে কোচ হওয়ার প্রস্তাব দেয়া হলে আমি দেশের জন্য কাজ করতে প্রস্তুত। আমাকে কিছু সময় দিবেন (পাকিস্তান দলের সঙ্গে) আমি তাদের ব্যাটিং এবং পাওয়ার হিটিংয়ের উন্নতি ঘটাবো। আমি দাম্ভিকতা দেখাচ্ছি না কিন্তু আমি নিজের ক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী।”
