নিজের ‘গর্ত’ নিজে খুঁড়ে নিষিদ্ধ হুদা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলায় একটা কথা রয়েছে অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই পড়তে হয় সেখানে। এই প্রবাদটি আরও একবার প্রমাণ হলো দীপক হুদার সাথে। ক্রুনাল পান্ডিয়ার বিপক্ষে অসভ্য আচরণ, কুমন্তব্য, হুমকিসহ চাঞ্চল্যকর সব অভিযোগ এনেছিলেন হুদা। পান্ডিয়ার বিপক্ষে মিথ্যে অভিযোগ এনে উল্টো তিনি নিজেই ফেঁসে গেলেন।

গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে তাকে নিষিদ্ধের। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিএর সেক্রেটারি অজিত লিলি।

এ প্রসঙ্গে লিলি বলেন,”এপেক্স কাউন্সিল তাকে অসদাচরণের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এপেক্স কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল যে দীপক হুদা সংস্থার বিপক্ষে অসন্তুষ্টি সৃষ্টি করায় চলতি ঘরোয়া মৌসুমে বারোদার প্রতিনিধি হিসাবে বিবেচিত হবে না।’’

তবে এ বিষয়টি ভালোভাবে নেননি ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি মনে করেন, করোনার মাঝে ক্রিকেটারদের মানসিকভাবে শক্তিশালী থাকাটা গুরুত্বপূর্ণ। এমন সময় হুদার ঘটনাটি দলের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে।

এর আগে (১০ জানুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামার আগে পান্ডিয়ার বিপক্ষে অযাচিত অভিযোগ করে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন হুদা। যা নিয়ে বোর্ডকে তিনি চিঠিও দিয়েছিলেন।

চিঠিতে হুদা লিখেছিলেন,”১১ বছর বারোদার হয়ে খেলছি। এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে রয়েছি। আমি প্রচণ্ড হতাশ এবং চাপের মধ্যে রয়েছি। আমার দলের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া শেষ দু’দিন ধরে দলের বিভিন্ন ক্রিকেটার এবং অন্য রাজ্যের ক্রিকেটারদের সামনেও আমার উদ্দেশে অশ্লীল ভাষা ব্যবহার করছে।’’

তিনি আরও বলেন,”আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে ও (পান্ডিয়া)। আমি কী করে দলের হয়ে খেলি সে দেখে নেবে বলে হুমকিও দেয়। আমার ক্রিকেট জীবনে এমন পরিস্থিতিতে কখনও পড়িনি।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »